০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আরও বড় হচ্ছে শাহরুখের ‘মান্নাত’

“শাহরুখ খান একজন তারকা বলেই বিষয়টি অন্য দৃষ্টিতে দেখা উচিত নয়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 12:14 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ঐতিহ্যবাহী স্থাপনা ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউডি তারকা শাহরুখ খানের বিলাসবহুল ‘মান্নাত’ সংস্কার নিয়ে পরিবেশ আন্দোলনকর্মী এবং বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলছিল।

বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেউ কেউ।

তবে বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের পথে থাকা আইনি বাধা অবশেষে দূর হয়েছে। 

ভারতের সুপ্রিম কোর্ট মান্নাতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন চ্যালেঞ্জ করে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। ফলে শাহরুখের বাসভবনে আরও দুটি তলা যোগ হতে আর কোনো বাধা নেই। 

প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালে দেওয়া ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুনানিতে আদালত বলেছেন, এই মামলায় হস্তক্ষেপ করার কোনও কারণ তারা দেখছে না। এটি তাদের (শাহরুখ খান) নিজের বাড়ি। সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করতে চাইলে সেটি তাদের সিদ্ধান্ত।

আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের আইনজীবী শোয়েব আলম আদালতে বলেন, শাহরুখ খান একজন তারকা বলেই বিষয়টি অন্য দৃষ্টিতে দেখা উচিত নয়। 

এদিকে সংস্কার কাজের জন্য নিজের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ ছেড়ে মুম্বাই শহরেই একটি ভাড়াবাড়িতে সপরিবারের বসবাস করছেন শাহরুখ খান।

গেল বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ‘মান্নাত’ থেকে তিন কিলোমিটার দূরে ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছেন শাহরুখ। ভাড়ার চুক্তিটি হয়েছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে ভগনানির অভিনেতা ছেলে জ্যাকি ভগনানি এবং তার মেয়ে দীপশিখা দেশমুখের। শহরের পালি হিল এলাকায় ৩৬ মাসের জন্য শাহরুখ প্রতি মাসে শাহরুখকে গুণতে হচ্ছে ২৪ লাখ রুপি।