Published : 30 Jan 2026, 10:38 AM
লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ বিভিন্ন ধাপের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। শুক্রবার প্রচার হবে এই শোয়ের চূড়ান্ত পর্ব।
মাছরাঙা টেলিভিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে দেখা যাবে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত লড়াই।
প্রতিযোগীরা হলেন এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন। এদের মধ্যেই নির্ধারণ করা হবে বাউলিয়ানা বিজয়ী।
চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সেরা বিজয়ী পাবেন ৫ লাখ টাকা, প্রথম রানার আপ পাবেন ৩ লাখ এবং দ্বিতীয় রানার আপ ২ লাখ টাকা পাবেন। এছাড়া ৪র্থ ও ৫ম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা।
এই আয়োজনে প্রতিযোগীদের পরিবেশনার পাশাপাশি তিন বিচারক শফি মন্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমিও গান শোনাবেন দর্শকদের।
বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশন পঞ্চমবারের মত এই রিয়েলিটি শোয়ের আয়োজন করে। এবারের সিজন শুরু হয় গেল বছর।
‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ এই স্লোগান ঘিরে আয়োজনটির উদ্দেশ্য হচ্ছে ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়া।
এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। এখান থেকে ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে।
এরপর 'গ্রুমিং সেশন', ‘মাস্টার সিলেকশন’ ও ‘স্টুডিও রাউন্ডের’ মধ্য দিয়ে চূড়ান্ত রূপ গ্র্যান্ড ফিনালেতে পৌঁছায় প্রতিযোগীরা। এই পর্বের মধ্য দিয়েই শেষ হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’ পঞ্চম আসর।
আইশা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।