Published : 24 May 2026, 10:26 PM
অনুমোদনহীন দৃশ্য ও গান ব্যবহারের অভিযোগে স্থগিত হওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার অনাপত্তি সনদ পুনর্বহাল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গ্লিটজকে বলেন, “সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান একটি মুচলেকা দিয়েছে যে সার্টিফিকেশনবিহীন কোনো গান, দৃশ্য বা কর্তিত অংশ দেখাবে না। সেই মর্মে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।”
এ সিদ্ধান্তের ফলে আপাতত সিনেমাটি প্রেক্ষাগৃহ বা টেলিভিশনে দেখাতে আর কোনো বাধা নেই বলেও তথ্য দেন তিনি।
এর আগে অনুমোদন ছাড়া গান ও কর্তিত দৃশ্য সংযোজনের অভিযোগে ৬ মে জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমাটির অনাপত্তি সনদ স্থগিত করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
অভিযোগ ছিল, কিছু সিনেমা হলে সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া একটি গান প্রদর্শন করা হয়েছে। গানটি সিনেমা জমা দেওয়ার সময় ছিল না। এছাড়া বোর্ডের বাদ দেওয়া কয়েকটি সহিংস দৃশ্য পুনরায় যুক্ত করে সিনেমাটি প্রদর্শন করা হচ্ছিল।
নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।
সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা ফারিন ও জ্যোতির্ময়ী। আরও আছেন ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, এজাজ ও শরীফ সিরাজও আছেন বিভিন্ন চরিত্রে।