Published : 14 Apr 2026, 12:04 PM
'জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন' প্রতিপাদ্য নিয়ে এবার পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করল 'বর্ষবরণ পর্ষদ'।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কে উন্মুক্ত এ আয়োজনের সূচনা হয় ঢাকের বাদ্য আর আনন্দ-উচ্ছ্বাসে।
দিনব্যাপী আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ছাড়াও আছে গান, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয়সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।
বৈশাখের প্রথম দিন মঙ্গলবার সকাল ৯টায় দিনব্যাপী আয়োজন শুরু হয় সমবেত কণ্ঠের গান দিয়ে।
জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি', 'ধন ধান্য পুষ্প ভরা' এবং 'এসো হে বৈশাখ'- এই তিনটি গান পরিবেশন করেন শিল্পীরা।
এরপর সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি-২৭ নম্বরের মীনাবাজারের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। রাপা প্লাজা ঘুরে ২৭ নম্বর সড়ক হয়ে আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসে শোভাযাত্রা।
বেলা ১১টা থেকে মীনাবাজার চত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সেখানে ছিল ব্রতচারী ও ঢালীনৃত্য, মূকাভিনয়, একক আবৃত্তি, একক গানের পরিবেশনা।
বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি শেষে শুরু হবে বৈকালিক অধিবেশন। এ পর্বে থাকবে উদীচী কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন শাখা সংসদ, উঠোন, তপোবন, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সমবেত সংগীত।
এছাড়া মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, উদীচী, স্রোত, কথা আবৃত্তি চর্চাসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন।
একক সংগীত পরিবেশনায় থাকবেন মকবুল আহমেদ, সুকুমার বিশ্বাস, নারায়ণ চন্দ্র শীল, পীযূষ বড়ুয়া, মনিরা রওনক বুবলি, আঁখি হালদার, শাওন রায়, অরুনিমা আহমেদ প্রথমা ও শিল্পী সাহা।
একক আবৃত্তি নিয়ে মঞ্চে উঠবেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, নায়লা তারান্নুম কাকলি, মো. মাসুদ উজ জামান, শিখা সেনগুপ্তা, অনিকেত রাজেশ, শাহদাত হোসেন নিপু, ইকবাল খোরশেদ, অলোক বসু, শাহীদা ফাল্গুনী, মোস্তাফিজুর রহমান মামুন, মেহেদী হাসান।
এছাড়া ব্রতচারী নৃত্য পরিবেশন করবে তক্ষশীলা বিদ্যালয়। মূকাভিনয় পরিবেশন করবেন রঙ্গন আহমেদ।
দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হবে সরদার হীরক রাজা ও তার সঙ্গীদের বাউল গান পরিবেশনার মধ্য দিয়ে।