‘দ্য আলকেমিস্ট’ দেখা যাবে মঞ্চে
উপন্যাসের মূল সুর ‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে' এই দর্শনকে ফুটিয়ে তোলা হবে নাটকে।
ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এর নাট্যরূপ দেখা যাবে ঢাকার মঞ্চে।
আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী এই গল্প নিয়ে আসছে নাট্যদল ‘এক্টোম্যানিয়া’।
‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ শিরোনামে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিচ্ছেন তালহা জোবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা।
উপন্যাসের মূল সুর ‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে' এই সর্বজনীন দর্শনকে নিপুণভাবে মঞ্চে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে নাট্যদলটি।
নাটকটি নিয়ে নির্দেশক তালহা জুবায়ের বলেন, "বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি যে প্রায়ই ভুলে যাই জীবনে আসলে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেবে এই নাটক।"
শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এখন চলছে নাটকটির মহড়া।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘসহ অনেকে।
