১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আট নন্দিত শিল্পীর নতুন অ্যালবাম

আটজন শিল্পীকে নিয়ে গান বেঁধেছেন গীতিকবি আসিফ ইকবাল। এই অ্যালবাম প্রকাশ পাবে গানচিল মিউজিক থেকে।

আট নন্দিত শিল্পীর নতুন অ্যালবাম
আট গুণী শিল্পীর সঙ্গে গীতিকবি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:05 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

বাংলা গানের নন্দিত আটজন শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে একটি অ্যালবাম। 

‘ঐশ্বর্য’ নামের অ্যালবামটিতে থাকবে আটটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আগুন, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।  

এই আটজন শিল্পীর জন্য গান বেঁধেছেন গীতিকবি আসিফ ইকবাল। অ্যালবামটি প্রকাশ পাবে গানচিল মিউজিক থেকে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছেন গানচিল মিউজিকের হেড অব অপারেশন লুৎফর হাসান।    

গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন শাহবাজ খান পিলু, মীর মাসুম ও কিশোর দাস। 

আটটি গানের শিরোনাম হলো- ‘আজ কী ভেবে’, ‘আমার এ গান’, ‘আর কোনও অনুতাপ নেই’, ‘এ জীবনের পথে পথে’, ‘অন্ধ আবেগ’, ‘অন্দর-বাহির’, ‘পিছু না ফিরে’ ও ‘ভোরের সূর্যালোক’।

গানগুলো প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, “বাংলা গানের ইতিহাস যখন লেখা হবে, তখন এই মানুষগুলোকে আমাদের গানের ঐশ্বর্য হিসেবে ধরা হবে। সেই ভাবনা থেকেই তাদের নিয়ে এই অ্যালবাম করা এবং নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া। 

“লিরিক্যাল ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে গানের কথা-সুর-গায়কীকে অধিক গুরুত্ব দেয়া। মাসব্যাপী গানচিল মিউজিক থেকে গানগুলো প্রকাশ পেতে থাকবে। আশা করি, শ্রোতাদের বেশ ভালো লাগবে।”  

বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে গানগুলো। 

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওর পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয়।