Published : 26 Sep 2025, 02:33 PM
বলিউড তারকা অক্ষয় কুমার তার কয়েক দশকের ক্যারিয়ারে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। সেসবের কিছু সফল হয়েছে, কিছু হয়ে ব্যর্থ। তবে তিনি আর্থিকভাবে হয়েছেন ভারতের অন্যতম সেরা উপার্জনকারী একজন অভিনেতা।
বহু বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতার খেতাবও পেয়েছেন অক্ষয়। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের’ তৃতীয় মৌসুমের সমাপনী পর্বে অতিথি হয়ে নিজের ক্যারিয়ারের ৩৫ বছর পূর্তি উদযাপর করেন তিনি।
সেখানে তিনি তার সঞ্চয়ী মনোভাবের কথা তুলে ধরেন।
অক্ষয় ওই অনুষ্ঠানে বলেন, ছেলেবেলায় তিনি একবার সংবাদপত্রে পড়েছিলেন অভিনেতা জিতেন্দ্র ১০০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট করেছেন।
“বাবাকে জিজ্ঞাসা করেছিলাম এই টাকার সূদ কত? তখন সুদের হার ছিল ১৩ শতাংশ। তখনই ভেবেছিলাম, যদি কোনো দিন ১০০ কোটির এফডিআর করতে পারি, তাহলে জীবনে নিরাপদ থাকব।
“কিন্তু মানুষের চাহিদা বাড়তেই থাকে, এটাই স্বাভাবিক। সেই ১০০ কোটি থেকে আমার লক্ষ্য দাঁড়ায় ১ হাজার কোটি। তারপর ২ হাজার কোটিতে পৌঁছেছে। মানুষের লোভের তো শেষ নেই।”
কপিল শর্মা রসিকতা করে জানতে চান, অক্ষয়ের সবচেয়ে বড় অংকের এফডি কত টাকার?
অক্ষয় হেসে বলেন, “সেটা বলা যাবে না।”
অক্ষয় মনে করেন অনেক অর্থ উপার্জন করলেও তার মধ্যে এখনো মধ্যবিত্তের অনেক অভ্যাস রয়ে গেছে।
“এখনো যদি আমার ছেলে বা মেয়ে ঘর থেকে লাইট জ্বালিয়ে বা ফ্যান ছেড়ে বের হয়ে যায়, আমি দৌড়ে গিয়ে বন্ধ করে দিই। আমি জানি এতে হয়ত মাসে হয়ত বাড়তি দুই হাজার টাকা বিল আসবে, কিন্তু অভ্যাসটা ছাড়তে পারি না।
“আজ সকালে আমার কোচকেও বকেছি। আমি বলেছিলাম, আমি ঢোকার পাঁচ মিনিট আগে এসি চালাতে। কিন্তু তিনি ২৫ মিনিট আগে চালিয়ে ফেলেছিলেন।”