১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’ তে সাফা ও দীপ

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে ‘প্রতিধ্বনি’

ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’ তে সাফা ও দীপ
'প্রতিধ্বনি' র দৃশ্যে সাফা কবির ও সুদীপ বিশ্বাস দীপ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 09:39 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

সাসপেন্স থ্রিলার ও গল্পে ভৌতিক যোগসূত্র রেখে নির্মাতা সিকদার ডায়মন্ড নির্মাণ করেছেন ওয়েব কনটেন্ট ‘প্রতিধ্বনি’। যেটি শনিবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। 

কিশোর কুমার দাশের চিত্রনাট্যে ‘প্রতিধ্বনি’ তে জুটি বেঁধেছেন সাফা কবির ও সুদীপ বিশ্বাস দীপ। 

গ্রামের পুরাতন জমিদার বাড়ির গল্প উঠে এসেছে কনটেন্টটিতে। যেখানে দীর্ঘদিন পর বাবার পৈতৃক ভিটাতে বেড়াতে আসে অনুরাগ। তার সঙ্গে সেখানে বন্ধুত্ব গড়ে উঠে মঞ্জুরীর। সেই বাড়িতেই নানা ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয় অনুরাগ। এভাবেই এগিয়ে যায় গল্পটি। 

নির্মাতা ডায়মন্ড গ্লিটজকে বলেন, “গল্পটি সাসপেন্স থ্রিলার এবং কিছুটা ভৌতিক ঘরানার। এই কাজটির অভিজ্ঞতা অন্যরকম। কাজটি করতে গিয়ে পুরো টিমের বেশ সহযোগিতা পেয়েছি।”

অভিনয়শিল্পীদের নিয়ে এই নির্মাতা বলেন, “সাফা কবির, দীপ তাদের চরিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। নির্মাণের সময় থেকেই আমাদের চেষ্টা ছিল দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়া, দর্শকের পছন্দ হবে আশা রাখা যায়।” 

অনুরাগ চরিত্রে অভিনয় করেছেন দীপ ও মঞ্জুরী চরিত্রে সাফা।

‘প্রতিধ্বনি’ নিয়ে দীপ বলেন, “একজন লেখকের চরিত্রে অভিনয় করেছি, গল্পটা দারুণ। পুরাতন জমিদার বাড়িকে ঘিরে নির্মিত হয়েছে গল্পটি। গল্প, শুটিং, লোকেশন সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।”

কনটেন্টটির শুটিং হয়েছে কুমিল্লার দাউদকান্দি, পুরান ঢাকার বাংলাবাজার, বিক্রমপুর এবং কেরানীগঞ্জ এলাকায়। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অশোক বেপারী, সাদিয়া তাজিনসহ অনেকে।