Published : 26 May 2026, 04:06 PM
সাত বছর পর জুটি হয়ে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সিনেমা ‘মালিক’।
সিনেমাটি গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কিছু অংশের দৃশ্যধারণ বাকি থাকায় সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়।
এই ঈদে বেশ প্রস্তুতি নিয়েই সিনেমাটি মুক্তি দিচ্ছেন বলে জানিয়েছেন চন্দন।
তিনি বলেন, "একটা ভালো প্রোডাকশন তৈরি করে যে সময় লাগে সেই প্রস্তুতি নিয়েই আমরা সিনেমাটি মুক্তি দিচ্ছি। আশা করছি মালিক ঈদে দর্শকের প্রত্যাশা পূরণ করবে।"
অ্যাকশন ঘরানার এই সিনেমার চিত্রনাট্যে, এক জেদি মানুষের প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে জড়িয়ে পড়ে অপরাধ জগতের ক্ষমতাধর এক চরিত্রে পরিণত হয়।
সাইফ চন্দন বলেন, “অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে একটি শক্ত গল্প আছে। অভিনয়শিল্পীরা ভালো কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেইলার প্রকাশের পর দর্শক আরও চমক পাবেন বলে আশা করছি।”
সিনেমা মুক্তি ঘিরে রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অভিনেতা আরেফিন শুভ সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে বলেন, "আমার যে দর্শক আছেন তারা অ্যাকশনের জন্য আমাকে খুব পছন্দ করেন। এই সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড, নার্ভাস। এখানে অনেক শিল্পী কাজ করেছেন, দেশ বিদেশের শিল্পীরা কাজ করেছেন। তাই মালিকের উপরে আশা আছে।"
‘মালিক’ সিনেমার মাধ্যমে সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ 'সাপলুডু' সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।
বিদ্যা সিনহা মিম বলেন, "দীর্ঘদিন পর আমার একটা সিনেমা আসছে, এটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। গল্পটা শুনে খুব ভালো লাগে তাই এই সিনেমায় যুক্ত হওয়া। আশা করি দর্শকেরও সিনেমাটি ভালো লাগবে।"
২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমাটি আলোচনা তৈরি করেছিল।
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘জীবন যাপন’ ছোটগল্প নিয়ে নাটক নির্মাণের মধ্য দিয়ে ২০০৮ সালে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন সাইফ চন্দন। এরপর প্রায় ছয় বছরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি।
২০১৪ সাল থেকে সাইফ পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং 'দুনিয়া’ সিনেমার পরিচালক তিনি।