ঈদে আসছে জয়ার ‘জিম্মি’
‘মহানগর’, ‘সাবরিনা’র পর দর্শকদের জন্য 'জিম্মি' সিরিজ নিয়ে হাজির হচ্ছেন আশফাক নিপুণ।
নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় 'জিম্মি' ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ মার্চ।
ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হয়েছে সিরিজটি। এই সিরিজ দিয়ে দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মত কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়াকে।
‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে?
জয়া বললেন, "আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হল গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মত মিলে গিয়েছিল। সেই সাথে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।"
‘মহানগর’, ‘সাবরিনা’র পর দর্শকদের জন্য 'জিম্মি' সিরিজ নিয়ে হাজির হচ্ছেন আশফাক নিপুণ। নতুন সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত এ নির্মাতা।
নিপুণ বলেন, "'জিম্মি' সিরিজে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।"
জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বলেন, "জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।"
নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে ২০১০ সালে জয়া নাম লেখান বড় পর্দায়। এর আগে মডেল এবং টেলিভিশন নাটকে পাওয়া যেত তাকে। অবশ্য ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ছোট একটি চরিত্র তিনি করেছিলেন।
২০১০ সালের পর জয়ার সিনেমা ক্যারিয়ার মূলত গড়ে ওঠে কলকাতায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কলকাতা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।
গেল বছরের শুরুতে ও শেষে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ ও 'নকশি কাঁথার জমিন' সিনেমা।
চলতি বছরের জানুয়ারিতে নির্মাতা নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসুম ‘২ষ’ সিরিজের শেষ পর্ব বেসুরাতে ছোট একটি চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।
