Published : 01 Jun 2026, 07:21 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী হতে না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ১০ সাংস্কৃতিক সংগঠন।
সোমবার এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংগঠনগুলো।
বিবৃতিতে বলা হয়, “ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে গত ৩০ মে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। কিন্তু একটি মহল ধর্মীয় ভুল ব্যাখ্যা তৈরি করে চলচ্চিত্রটি প্রদর্শনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালায়। এর পরিপ্রেক্ষিতে ভেন্যু কর্তৃপক্ষ পূর্বানুমতি প্রত্যাহার করায় প্রদর্শনী স্থগিত করা হয়।
“একই দিন কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণরা ওই চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিলে স্থানীয় প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। এ দুটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
বিবৃতিতে আরো বলা হয়, “চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের অনুমতিপ্রাপ্ত। ইতোমধ্যে দেশ-বিদেশে এর প্রদর্শনী প্রশংসিত হয়েছে। এ চলচ্চিত্রের নির্মাতা তানিম নূর ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। নিজ জন্মভূমিতে তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করতে না পারা অত্যন্ত দুঃখজনক।”
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক আবদুন নূর, সদস্যসচিব নাসির মিয়া, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদ-উর-রহমান।
এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শোভা সেন, সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, ‘আবরণী’ ব্রাহ্মণবাড়িয়া পরিচালক হাবিবুর রহমান পারভেজ, সহকারী পরিচালক শারমিন সুলতানা, ‘কবির কলম’ এর সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিপন, ‘চারণ’ সংগঠনের প্রেমানন্দ দাস, ‘সোনালি সকাল’ এর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, ‘আজকের সংস্কৃতি সংগঠন’ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুস্তাফা জাফরি হামিম ও সাধারণ সম্পাদক সর্পা মিত্র ভৌমিকও বিবৃতিতে স্বাক্ষর করেছেন।