Published : 30 Aug 2026, 11:20 PM
কার্টুন আঁকিবুঁকি, নাট্য পরিবেশনা, পুতুলনাট্য, মাটির কারুকাজ আর গানের আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হল দুইদিনব্যাপী ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব’।
থিয়েটার দল ‘বটতলা’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই শিশু উৎসবের আয়োজন করা হয়।
রোববার রাতে গল্পের আসর, নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের।
বটতলা জানিয়েছে, শিশুদের সৃজনশীল মননের বিকাশ এবং শৈশব থেকেই তাদেরকে দেশীয় শিল্প-সংস্কৃতির আনন্দময় ধারার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই দুদিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বটতলা।
বরেণ্য চারুশিল্পী পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ মুস্তাফা মনোয়ারের জন্মবার্ষিকী সেপ্টেম্বরের ১ তারিখ। এর দুইদিন আগে তার দীর্ঘ জীবনকর্ম ও অবদানকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে দ্বিতীয়বারের মত এই নাট্যোৎসবের আয়োজন করা হয়।
উৎসবের প্রথম দিন শনিবার সকালে ‘কার্টুন পিপল’ এর সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের পরিচালনায় অনুষ্ঠিত হয় ‘কার্টুন আঁকিঝুঁকি কর্মশালা’। একই সঙ্গে দিনভর প্রাঙ্গণজুড়ে চলে মৃৎশিল্পী খোকন কারিগরের নির্দেশনায় মাটি নিয়ে কারিকুরি করার আয়োজন ‘মাটির পাঠশালা’।
এরপর একে একে পরিবেশিত হয় বটতলার শিশুতোষ নাটক ‘ডাকাত হালুম চিচপটাং’ এবং পাপেট শো ‘জন্মদিন বিভ্রাট’।
ওইদিন বিকালে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বটতলার যৌথ উপস্থাপনায় ছিল ‘পুতুল বানানো, পাপেট শো, গান আর ফান’ শিরোনামের আয়োজন।
সন্ধ্যার পর্বে ঢাকা লিটল অপেরা পরিবেশন করে শিশুনাটক ‘আনারসের ঢাকা সফর’। পরে সন্ধ্যা ৭টায় ইনক্লুসিভ মিউজিক শো ‘ধরণীর গান’ নিয়ে মঞ্চে আসে সামাজিক সংগঠন ‘টুগেদার উই ক্যান’।
পুরো উৎসব প্রাঙ্গণজুড়েই শিশুদের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘বায়স্কোপ’। এর পাশাপাশি শিশুতোষ বইয়ের পরিবেশক ‘ময়ূরপঙ্খী’ ও ‘গপ্পোসপ্পো’র স্টলে ছিল নতুন ও পরিচিত বইয়ের পসরা।
উৎসব চলাকালীনই মোড়ক উন্মোচন করা হয় গপ্পোসপ্পোর নতুন দুটি বই ‘বোমা আর সেনাপতি’ এবং ‘মিরাবেল’।
সমাপনী দিনের বিকেলে ‘গপ্পোসপ্পো’র পরিচালনায় অনুষ্ঠিত হয় গল্পের আসর। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হয় নাটক ‘একের ভিতর তিন’।
এই অংশে পর পর প্রদর্শিত হয় সুকুমার রায়ের রচনা অবলম্বনে বটতলার প্রযোজনা ‘বন্যথেরিয়াম’, বটতলা ও ‘অভিনয়ে হাতেখড়ি’র যৌথ পরিবেশনা ‘ডাকাত হালুম চিচপটাং’ এবং ইউনিভার্সেল পাপেটের পাপেট শো ‘সবুজ দেশের বিপদ’।
দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে মুস্তাফা মনোয়ারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।
আরও পড়ুন: