শততম প্রদর্শনীতে থিয়েটারের ‘নিখাই’
“এক বৃদ্ধ ১০ বছর ধরে ঘাটকে আঁকড়ে পড়ে আছেন; রাত-বিরাতে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায় ঘাটে।”
আত্মপরিচয়-সন্ধানীর গল্পে নাট্যদল থিয়েটার 'নিখাই' নামের যে নাটকটি দর্শকদের সামনে এনেছিল, সেই নাটকের শততম প্রদর্শনী হতে যাচ্ছে।
শিল্পকলা একাডেমিতে শনিবার দেখা যাবে নাটকটির শততম প্রদর্শনী।
থিয়েটার নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই প্রদর্শনী উপলক্ষে নানা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে।
'নিখাই' রচনা ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।
ব্রিটিশ শাসনামলের একটি স্টিমার ঘাটকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনী। সেখানে নানা ধরনের লোকের আনাগোণা। স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে এই ঘাটকে আঁকড়ে পড়ে আছেন। রাত-বিরাতে এই ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়।
একদিন হঠাৎ মাঝরাতে এক দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হন। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কোনো মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় আত্মপরিচয়-সন্ধানী ‘নিখাই’ নাটকের কাহিনী।
নাটকটি নিয়ে নির্দেশক গাজী রাকায়েত বলেন, "পৃথিবীকে বাঁচাতে হলে মানুষের সঙ্গে মানুষের যে ব্যবধান, সেটাকে ঘোচাতে হবে। এর কোনো বিকল্প নেই। বৈষম্যহীন মানবিকতাকে ধারণ করেই আমার এ নাটকের কাহিনী।"
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত কর্মীরা।
