Published : 06 May 2026, 01:16 PM
অভিনয়, লুক অথবা পোশাক-অভিনয়শিল্পীদের হয় এসব বিষয় নিয়ে প্রশংসা জোটে, অথবা তারা এসবের কারণে কটাক্ষের শিকার হন। যেমন চার বছর আগে বিতর্কে জড়িয়েছিল বলিউডি অভিনেতা অক্ষয় কুমারের নাম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় কেন তিনি নকল গোঁফ লাগিয়েছিলেন, তা নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেতাকে।
তবে সে সময় কারো কথার কোনো উত্তর অক্ষয় দেননি। অভিনেতা এ প্রতিক্রিয়া জানিয়েছেন চার বছর পর।
আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, কোনো সিনেমার কাজ হাতে আসার পর, চরিত্র হয়ে উঠতে তিনি এক মাস সময় নেন। এই প্রস্তুতিটুকু তার প্রয়োজন হয়।
কিন্তু যে সময়ে তিনি ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার শুটিং করছিলেন, তখন তার হাতে আরও অনেক কাজ ছিল।
অক্ষয় বলেন, “ওই সময়ে একসঙ্গে অনেকগুলো কাজ করছিলাম। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হল, ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার ওই চরিত্রের জন্যে যে ধরনের গোঁফ প্রয়োজন ছিল, সেটা আমার নিজের রাখা সম্ভব ছিল না। তাই নকল গোঁফ ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না।”
দ্বাদশ শতকে পৃথ্বীরাজ চহ্বাণের রাজপাটের কাহিনী নিয়ে যশরাজ ফিল্মস সিনেমাটি বানায় ২০২২ সালে। পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয়।
এদিকে অক্ষয়ের হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
মুক্তির আগে থেকেই ‘ভূত বাংলা’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে সোশাল মিডিয়ায়। কারণ প্রায় ১৪ বছর পর চিত্রপরিচালক প্রিয়দর্শন ও অক্ষয় কুমার একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরলেন।
এই জুটি এর আগে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। তাই অক্ষয় কুমার ও প্রিয়দর্শনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সিনেমাপ্রেমীরা।