০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইধিকাকে ক্রিকেট শেখাচ্ছেন সৃজিত

ইধিকা জানিয়েছেন ‘যাত্রা শুরু’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 10:32 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পর্দায় আনছেন ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। আর এই সিনেমার মাধ্যমে বেশ কিছু দিন পর বড়পর্দায় দেখা মিলবে অভিনেত্রী ইধিকা পালের। 

আনন্দবাজার জানিয়েছে, পরিচালক এই মুহূর্তে নায়িকার চরিত্র নিয়ে বেশি কিছু বলতে রাজি নন। তবে প্রকাশ্যে এসেছে সৃজিতের সঙ্গে নায়িকার প্রথম ঝলক। তাতে দেখা গিয়েছে, পরিচালক হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন নায়িকাকে।

এছাড়া একটি ছবিতে দেখা যাচ্ছে ক্রিকেটের পোশাক পরেছেন ইধিকা। তাই আন্দাজ করা যায়, তার চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকবে খেলাধুলা। 

ফেইসবুকে পরিচালকের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ইধিকা লিখেছেন, “যাত্রা শুরু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবির।”

এর আগে সৃজিত সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি প্রদোষচন্দ্র মিত্তির ওরফে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু, শার্লক হোমকেকে পর্দায় এনেছেন। 

এবার আরও এক গোয়েন্দা বড়পর্দায় আসছে। 

সিনেমাটি নিয়ে সৃজিত এর আগে বলেছিলেন, “এর আগে যে যে গোয়েন্দা চরিত্রকে নিয়ে কাজ করেছি, তাদের মধ্যে কোনও না কোনও বিশেষত্ব রয়েছে। তেমনই কানাইচরণের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। বইয়ের পাতায় চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে সম্পর্ক, মেজাজ-এই সব কিছু পড়ে খুব ভালো লেগেছিল। রাজর্ষির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই কানাইচরণকে বড়পর্দায় আনার কথা ভেবেছিলাম।”

লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট গোয়েন্দা চরিত্র কানাইচরণ। রাজর্ষির লেখা ‘কালাপানির দিশা’ গল্পটিকে কেন্দ্র করে সিনেমার কাহিনী বুনেছেন সৃজিত। 

গোয়েন্দা চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা।