১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪০০ বছরের পুরনো গল্প দেখাবে ‘রঙবাজার’, ট্রেইলার প্রকাশ

এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে একটি যৌন পল্লীর বাসিন্দাদের জীবন, লড়াই ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে।

৪০০ বছরের পুরনো গল্প দেখাবে ‘রঙবাজার’, ট্রেইলার প্রকাশ
‘রঙবাজার’ সিনেমার ট্রেইলারের দৃশ্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 10:55 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতার গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে এসেছে। 

রাশিদ পলাশের নির্মাণে রোববার প্রকাশ পাওয়া এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে একটি যৌন পল্লীর বাসিন্দাদের জীবন, লড়াই ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে।    

ট্রেইলারের ভিডিওতে এক নারী কণ্ঠে শোনা গেছে, “হাজার বছরের পুরনো গল্প, প্রতি রাতে এই রঙবাজারে আসর জমায় সমাজপতিরা, এই বাজারেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজনীতির, সমাজনীতির ও সভ্যতার। দুনিয়াটাই একটা রঙবাজার। আর সবাই সেই বাজারের দালাল।”

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে 'রঙবাজার' বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।

সিনেমার গল্প নিয়ে গ্লিটজকে পলাশ বলেছিলেন, “সিনেমায় টানবাজারের (নারায়ণগঞ্জের এক সময়ের যৌনপল্লী) উচ্ছেদ পরিকল্পনা এবং উচ্ছেদ পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেসব গল্প আমরা সিনেমায় তুলে ধরেছি। সিনেমায় বেশকিছু স্পর্শকাতর জায়গা আছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসেছে।"   

চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা। 

পলাশের ভাষ্য, "নারায়ণগঞ্জকে পাপ মুক্ত করতে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপ মুক্ত করতে গিয়ে যে পুরো পাপটি সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটার পেছনেও যে রহস্য ছিল সেই গল্পটা আমরা বলার চেষ্টা করেছি।"

‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী। 

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে।

লাইভ টেকনোলজি প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

আরও পড়ুন:

এল 'রঙবাজার' সিনেমার প্রথম ঝলক

মুক্তির প্রস্তুতিতে 'রঙবাজার', কী আছে সিনেমায়