১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘নীল দরিয়ার যাত্রী’ আবদুল জব্বারের গানের গল্প

দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয় হলেও তিনি ছিলেন মূলত একজন প্লেব্যাকশিল্পী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 05:08 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

তার গাওয়া গান মনোবল ও প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের, মুক্তিকামী মানুষদের। তবে সে সময় কেবল স্বাধীন বাংলা বেতারেই নয়, তিনি হারমোনিয়াম নিয়ে ছুটে গেছেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে, তাদের শুনিয়েছেন দেশের গান। মুক্তিযুদ্ধের সময় ভারতের বহু জায়গায় ঘুরে ঘুরে গণসংগীত গেয়ে ১২ লাখ রুপি উপার্জন করে, সেই টাকা জমা দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে। তিনি শিল্পী আবদুল জব্বার।

তার গানে মন ভেসে যায় নীল দরিয়ায়। আবদুল জব্বার অনন্ত যাত্রায় পাড়ি দিয়েছিলেন ২০১৭ সালের ৩০ অগাস্টে।

দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয় হলেও আবদুল জব্বার ছিলেন মূলত একজন প্লেব্যাকশিল্পী। পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশের গানের ভূবনে তিনি আলো ছড়িয়েছেন। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পাওয়া দরাজ কণ্ঠের এই গায়ক জন্মেছিলেন ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়ায়।

আবদুল জব্বারের গাওয়া জনপ্রিয় বহু গানের মধ্যে ‘সালাম সালাম হাজার সালাস’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’, ‘এক বুক জ্বালা নিয়ে’, ‘পীচ ঢালা এই পথ’ নিয়ে সাজানো হয়েছে গ্লিটজের এ প্রতিবেদন।

সালাম সালাম হাজার সালাম

একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম গাওয়া হয় এ গানটি। ফজল-এ-খোদার রচনায় এ গানটিতে সুরারোপ করেন আব্দুল জব্বার। গানটি প্রথম গেয়েছিলেন তিনিই। আবদুল জব্বারের অন্যতম সেরা এ গানটি মুক্তিযুদ্ধের সময় প্রেরণা জুগিয়েছে হাজারও বাঙালির মনে।

ওরে নীল দরিয়া

১৯৭৮ সালে মুক্তি পাওয়া সাড়া জাগানো ‘সারেং বউ’ সিনেমায় এ গানটি হয়ে ওঠে অনবদ্য। গীতিকার মুকুল চৌধুরীর লেখা এই গানটির সুর করেন সুরকার আলম খান। আবদুল্লাহ আল মামুন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছিলেন আকবর হোসেন পাঠান ও সারাহ বেগম কবরী। কদম সারেংরূপী ফারুকের বাড়ির প্রতি মমতা ও বাড়িতে রেখে যাওয়া স্ত্রীর প্রতি আকুলতা ফুটে ওঠে ‘ওরে নীল দরিয়া গানে’।

তুমি কি দেখেছো কভু

আবদুল জব্বারের গাওয়া জীবনমুখী এ গানটির আবেদন কখনো ফুরোবার নয়। ১৯৬৮ সালের জনপ্রিয় বাংলা সিনেমা ‘এতটুকু আশা’ সিনেমার এ গানটি বিবিসি জরিপে সর্বকালের সেরা বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে।

নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেন নায়করাজ রাজ্জাক, সূজাতা, হাসমত, আলতাফসহ আরো অনেকে।

আবদুল জব্বারের গাওয়া গানটি লিখেছেন অনেক কালজয়ী গানের গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান।

পিচ ঢালা এই পথ

রাজ্জাক-ববিতা অভিনীত ‘পিচ ঢালা পথ’ সিনেমার জনপ্রিয় এ গানটির কারণে স্মরণীয় হয়ে আছেন শিল্পী আব্দুল জব্বার।

রবীন ঘোষের সুরে ও আহমদ জামান চৌধুরীর রচনায় আবদুল জব্বারের গাওয়া এই গানটি বাংলা সিনেমায় একটি মাইলফলক হয়ে আছে।

এক বুক জ্বালা নিয়ে

১৯৭৫ সালের ‘মাস্তান’ সিনেমার এ গানটিও শিল্পী আবদুল জব্বারের জনপ্রিয় একটি গান। আহমদ জামান চৌধুরীর রচনা ও আজাদ রহমানের সুরে এ গানটি আজও রয়েছে শ্রোতাদের প্রিয় গানের তালিকায়।