১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নচিকেতা ও আসিফের ‘লক্ষ্য একই’

‘লক্ষ্য একই’ শিরোনামের গানটি ইউটিউবে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ চ্যানেলে মুক্তি পেয়েছে।

নচিকেতা ও আসিফের ‘লক্ষ্য একই’
নচিকেতা চক্রবর্তী ও আসিফ আলতাফ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:46 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

কলকাতার নচিকেতা চক্রবর্তী ও ঢাকার আসিফ আলতাফ ফের গাইলেন একসঙ্গে। দুই বাংলার এই দুই সংগীত শিল্পীর দ্বৈত কণ্ঠে গাওয়া ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটি প্রকাশ্যে এসেছে সোশাল মিডিয়ার হাত ধরে।

লেখার পাশাপাশি গানে সুরও দিয়েছেন আসিফ আলতাফ।

আসিফ আলতাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইউটিউবে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। দুই শিল্পীকে নিয়ে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। 

এর আগে দুই বছর আগে ‘কাঁটাতার’ শিরোনামে একটি গান করেন এই দুই শিল্পী। গানটি ঢাকা ও কলকাতার দর্শকের মাঝে সে সময় বেশ সাড়া ফেলেছিল।        

নচিকেতার ভাষ্য, “কাঁটাতার আমার ভীষণ পছন্দের গান। দারুণ একটা বক্তব্য ছিল। যার ফলে খুব জনপ্রিয় হয়েছিল। সেই আশা নিয়ে আমরা আরেকটা গান বানিয়েছি।”

ইউটিউবে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ চ্যানেলে মুক্তি পেয়েছে ‘লক্ষ্য একই' গানটি।

ইউটিউবে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ চ্যানেলে মুক্তি পেয়েছে ‘লক্ষ্য একই' গানটি।

এবারের গানটা খুবই 'ইন্টারেস্টিং' জানিয়ে নচিকেতা বলেন, " আগের গানের চেয়ে এবারের গান অনেক বেশি ভালো হয়েছে। আমাদের ভাবনা চিন্তাটা মেলে বলেই আলতাফের লেখা ও সুর আমার পছন্দ হয়। আলতাফ বাংলাদেশে বসে যেভাবে ভাবে, কলকাতায় বসে আমিও প্রায় ওরকমই ভাবার চেষ্টা করি।”

শ্রোতাদের উদ্দেশে নচিকেতা বলেন, “গানটার ভেতরে যেমন অসহায়ত্ব আছে, তেমন এগিয়ে যাওয়ার শক্তিও রয়েছে। সাবাইকে বলব, একটু ভালো করে শুনে দেখুন, এটি আমাদের জীবনের গান। আপনাদের খুব পছন্দ হবে।”

আলতাফ বলেন, " সংগ্রাম, ব্যর্থতা ও স্বপ্নের কথা উঠে এসেছে এবারের গানে।

দুবছর আগে নচিকেতা চক্রবর্তী ও আসিফ আলতাফ গেয়েছিলেন 'কাঁটাতার' শিরোনামের একটি গান। 

দুবছর আগে নচিকেতা চক্রবর্তী ও আসিফ আলতাফ গেয়েছিলেন 'কাঁটাতার' শিরোনামের একটি গান।

নচিকেতার সঙ্গে ডুয়েট করা নিয়ে আলতাফ বলেন, “নচিকেতা চক্রবর্তী শুধু আমার না, সব বাঙালির পছন্দের শিল্পী। তিনি অসাধারণ সব গান গেয়ে আমাদের শৈশব রাঙিয়ে দিয়েছেন। কাঁটাতারের পর সময় সুযোগ হয়ে উঠছিল না। এরপর ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটা লিখে তাকে দেখালাম। গানের কথা খুবই পছন্দ করলেন। কলকাতায় গিয়ে একসঙ্গে রেকর্ড করলাম।"

ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ ও ‘যন্ত্র’ গান দিয়ে পরিচিতি পান আলতাফ।  এরপর ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’ এবং লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে গেয়েছেন ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’। গত মাসে তার গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন।

এছাড়াও আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে 'গ্রহণযোগ্যতা পেয়েছে'।