১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নচিকেতা অসুস্থ, বুকে বসেছে দুটি স্টেন্ট

“এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

শনিবার রাতে বুকে অস্বস্তি শুরু হয় ৬১ বছর বয়সী এই গায়কের। এরপর তাকে তড়িঘড়ি করে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে লিখেছে আনন্দবাজার।

পরীক্ষা নিরীক্ষায় তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়লে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল হয়েছে। 

নচিকেতার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীও কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’কে বলেছেন, এখন তার বাবা সুস্থ আছেন। 

ধানসিঁড়ি বলেন, “বাবার শরীর এমনি ভালোই ছিল। অনুষ্ঠানও করেছে অনেকগুলো। হঠাৎই শরীর খারাপ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। এক মুহূর্তও দেরি করিনি আমরা। ফলে তেমন সমস্যা হয়নি। হার্টের একটা সমস্যা হচ্ছিল। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন।”

রোববারেও আসানসোলে একটি অনুষ্ঠান ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে আয়োজকদের।