Published : 27 Apr 2026, 10:27 AM
ভারতের হিন্দি সিনেমার তারকাভিনেতা সালমান খানের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করছেন দেশটির দক্ষিণী সিনেমার নায়িকা নয়নতারা।
ভামসি পাইডিপাল্লি পরিচালিত এই সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে।
ইন্ডিয়া টিভি লিখেছে, অ্যাকশনধর্মী এই সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে; প্রযোজনা করছেন প্রযোজক দিল রাজু।
প্রযোজক জানিয়েছেন, মুম্বাইয়ের শুরু হয়েছে সিনেমার শুটিং। টানা তিন মাসের শুটিং পরিকল্পনা রয়েছে তাদের। আগামী অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্যে সিনেমার চিত্রগ্রহণ শেষ করা হবে।
গেল মাসে প্রযোজকের সঙ্গে একটি ছবি পোস্ট করে সালমান খান লিখেছিলেন, দিল, দিমাগ ও জিগার নিয়ে এপ্রিল থেকে ভামসি পাইডিপাল্লি ও প্রযোজক দিল রাজুর সঙ্গে সিনেমার কাজ শুরু করছি।
সম্প্রতি নির্মাতা সিনেমার নায়িকা হিসেবে নয়নতারার নাম ঘোষণা করেন। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, বহুমাত্রিক অভিনয়ের জন্য পরিচিত নয়নতারা এই বিশেষ যাত্রায় যুক্ত হওয়ায় আমরা গর্বিত।
#SALMANKHANVAMSHIPAIDIPALLYFILM... IT ALL BEGINS TODAY.. ❤️🔥#Nayanthara #SVC63 @SVC_official pic.twitter.com/Ei1NVTnQb6
— Vamshi Paidipally (@directorvamshi) April 18, 2026
পরিচালক ভামসি দক্ষিণ ভারতের সফল নির্মাতাদের একজন। তার পরিচালনায় ‘ইয়েভাডু’, ‘ওপিরি’, ‘মহার্শি’ ও ‘ভারিসু’ এর মত সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে।
এদিকে সালমান খান বর্তমানে তার আরেক সিনেমা ‘মাতৃভূমির’ শেষ অংশের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটির আগে নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।
সর্বশেষ সালমানকে দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। এছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমায় অভিনয়ের কথাও শোনা যাচ্ছে।
অন্যদিকে চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল অভিনেত্রী নয়নতারার 'মানা শঙ্কর ভারা প্রসাদ গারু' সিনেমা।