Published : 02 Aug 2026, 11:30 PM
সত্তরের দশকে ক্যামেরার সামনে প্রথম যেদিন তিনি দাঁড়িয়েছিলেন, তখন তার বয়স মাত্র ১৭। বড় কোনো চরিত্র নয়, কেবল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা।
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ক্যারিয়ার শুরু করা সেই বালক এখনো দাপটের সঙ্গে বলিউডে অভিনয় করে যাচ্ছেন। তিনি নাসিরুদ্দিন শাহ।
তার বয়স ৭০, তবে বিষয়টি তার কাছে কেবলই একটি সংখ্যা। তাই এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে বলে মনে করেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এখনই অভিনয়কে বিদায় জানানোর পরিকল্পনা নাসিরুদ্দিন শাহর নেই। তাই আজীবন সম্মাননা গ্রহণ করেন না বর্ষীয়ান এই অভিনেতা।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’; যে সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ও দর্শককূলের প্রশংসা কুড়াচ্ছেন নাসিরুদ্দিন শাহ।
সম্প্রতি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমা হলে ৫০ দিন পূর্ণ করেছে। এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুম্বাইয়ে।
সেখানে নাসিরুদ্দিন শাহ বলেন, “সম্প্রতি বেশ কয়েকটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেগুলো ফিরিয়ে দিয়েছি। এই পুরস্কারের অর্থ হল, আপনার কাজ এবার শেষ। কিন্তু পুরস্কার হাতে বিদায় নেওয়ার কোনো ইচ্ছা আমার এখনই নেই।
“তাই আমি পুরস্কারগুলো গ্রহণ করছি না। আমি মনে করি না যে আমার কাজ শেষ হয়ে গেছে। আমি এখনো ফুরিয়ে যাইনি।”
‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সাদরে গ্রহণ করার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন নাসিরুদ্দিন।
এই সিনেমার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন জানিয়ে তিনি বলেন, “‘দারুণ এক চিত্রনাট্যের সিনেমা বানিয়েছেন ইমতিয়াজ আলী। আপনারা যে সমর্থন দিয়েছেন, তার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা।”
সিনেমায় নাসিরুদ্দিনের চরিত্রটি যেমন
‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমায় নাসিরুদ্দিন শাহ পর্দায় এসেছেন ঈশ্বর সিং নামের এক ব্যক্তি হয়ে। তার বয়স ৯৫। তার স্মৃতিতে এখনো জ্বলজ্বলে অবিভক্ত ভারতের স্মৃতি।
স্ট্রোকের পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া এই বৃদ্ধ বারবার ফিরতে চান সারগোধায়। যে শহরে তার জীবনের বড় সময় কেটেছে।
কিন্তু সাতচল্লিশের দেশভাগের পর সারগোধা আর ভারতে নেই,পাকিস্তানের অংশ হয়ে যায়। পরিবারের অধিকাংশ সদস্য তার এই ইচ্ছা আর যন্ত্রণার কথা বুঝতে চান না।
পরিস্থিতি বদলে যায় ইংল্যান্ড থেকে তার নাতি দেশে ফিরলে। নির্ভয় নামের ওই তরুণ ধীরে ধীরে দাদুকে ফিরিয়ে নেয় অতীতে।