১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনন্দমেলায় গাইবেন রুনা লায়লা, উপস্থাপনায় নিশো

ঈদের দিন রাত ১০টার খবরের পর আনন্দমেলা প্রচার হবে।

আনন্দমেলায় গাইবেন রুনা লায়লা, উপস্থাপনায় নিশো
রুনা লায়লা ও আফরান নিশো । ছবি: বিটিভির সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

সাড়ে চার দশকের বেশি সময় ধরে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ শিরোনামের যে গানটি কালজয়ী হয়ে ওঠেছে শিল্পী রুনা লায়লার কণ্ঠে, সেই গানটি এই কিংবদন্তী ফের শোনাবেন ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলায়'।

প্রতি ঈদের মত বিটিভির এবারের আনন্দমেলাও নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ঈদের দিন রাত ১০টার খবরের পর আনন্দমেলা প্রচার হবে। গীতিকার কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন অভিনেতা আফরান নিশো। 

এবারের অন্যতম আকর্ষণ সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে তাকে নতুনভাবে দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলেছে বিটিভি। 

অন্যদিকে ভারতীয় প্রয়াত শিল্পী আশা ভোঁসলের স্মরণে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গাইবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই পরিবেশনাটিতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী ও শাওন। 

এছাড়াও ‘এমন একটা মা দে না’ গানটি নতুন করে গেয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। 

নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন কবির বকুল।

থাকছে নৃত্যানুষ্ঠানও। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। 

আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে একসঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি।

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। পাশাপাশি কয়েকজন তারকাকে নিয়ে আয়োজন করা হয়েছে একটি কুইজ শোয়ের। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

কৌতুকশিল্পী আবু হেনা রনি থাকছেন আনন্দমেলায়। এ ছাড়া আরও অংশ নিচ্ছেন অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। 

‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ পরিবেশনায় থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।