Published : 13 Apr 2026, 04:54 PM
চার দশকের ধারাবাহিকতায় এবারও ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব আয়োজন করতে যাচ্ছে ‘সাহিত্য একাডেমি’।
এবার হতে যাচ্ছে বৈশাখী উৎসবের ৪০তম আসর। থাকছে সপ্তাহব্যাপী নানা আয়োজন- গান, আবৃত্তি, নাটক, আলোচনা ও বৈশাখী মেলা। যেখানে বিভিন্ন লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসবে দোকানিরা।
ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এই বৈশাখী উৎসব বুধবার থেকে চলবে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত। প্রতিদিনি বিকাল ৪ থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবের সময় ঠিক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সাহিত্য একাডেমি।
প্রতি বছরই সাহিত্য একাডেমি সাত দিনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। মাঝে করোনা মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সালে উৎসব আয়োজন করা যায়নি।
মঙ্গলবার পহেলা বৈশাখে সন্ধ্যা সাড়ে ৬টায় এবারের বৈশাখী উৎসব উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি এড. মো. তরিকুল ইসলাম খান রোমা, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মো. খান বিটু।
স্বাগত বক্তব্য রাখবেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম শাহীন। শুভেচ্ছা বক্তব্য দিবেন জাতীয়বাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল।
সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)।