Published : 07 Jan 2026, 12:28 AM
কখনও ভ্রমণের সৌন্দর্য, কখনও ব্যক্তিগত অনুভূতি, আবার কখনও প্রকৃতির নীরবতায় ডুবে থাকা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিতে পছন্দ করেন তারকারা।
অভিনেত্রী সাদিয়া আয়মান ঘুরে বেড়াচ্ছেন পর্তুগালে; অভিনেত্রী রিচি সুলায়মান পরিবার নিয়ে আছেন থাইল্যান্ডে। সিলেটের চা বাগানে ঘুরছে চিরকুট ব্যান্ড।
বন্ধুত্ব, ভ্রমণ আর শীতের আবেশ ঘিরে তারকাদের প্রকাশ করা ছবিগুলো তুলে ধরা হল এই প্রতিবেদনে।

পর্তুগালের সুইমিং পুল থেকে বেশ কিছু ছবি পোস্ট করে সাদিয়া আয়মান লিখেছেন, 'আমার হৃদয় আবহাওয়ার চেয়েও শীতল'।

সংগীতশিল্পী ফাহমিদা নবী একটি ছবি পোস্ট করে লিখেছেন, "ভালোবেসে যতটা ছড়িয়ে দেয়া যায় আলো, ততটাই যেন ছড়াতে সাহসী পথ চলতে পারি। সবার জন্য ভালোবাসা।"

অভিনেতা ইরফান সাজ্জাদের জন্মদিনে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল লিখেছে, “কিছু বন্ধু পরিবার হয়ে যায়, আর তোমার মত বন্ধু পাওয়ার জন্য ধন্যবাদ। তুমি সবসময় আমাকে যেমন আমি, তেমনই মেনে নিয়েছো, আর আমি তোমার জন্য সবসময় শুভকামনা করি। আমাদের ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর জন্যও ধন্যবাদ, যেটার কারণে তোমার মত বন্ধু পেতে পেরেছি। শুভ জন্মদিন।"

থাইল্যান্ডের ফুকেটে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী রিচি সুলায়মান। স্বামী, ছেলে ও মেয়ের সঙ্গে ঘোরাঘুরির একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'ফুকেট, সৌন্দর্যের দ্বীপ'।

সিলেটের চা বাগানে গিয়ে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। দলের সব সদস্য রয়েছে ছবিগুলোতে। ছবির ক্যাপশনে এই সংগীতশিল্পী লিখেছেন, "এই শান্ত, শীতল, জীবন অপার সিলেটকে যে ভালোবাসে; সে আসলে আমারেও ভালোবাসে।"

পৌষের তৃতীয় সপ্তাহে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। সারা দেশের সঙ্গে রাজধানীতেও তীব্র শীতে ‘হাড়কাঁপুনি অবস্থা’। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শীতের পোশাকে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, 'শীত'।