১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী স্থগিত

দর্শকের কাছে দুঃখ প্রকাশ করে আয়োজকেরা বলেছেন, শুক্রবার থেকে সেখানে আবার সিনেমাগুলো দেখা যাবে।

শিল্পকলায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী স্থগিত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্ধারিত পাঁচটি সিনেমার প্রদর্শনী ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে।   

এক বিবৃতিতে উৎসব কর্তৃপক্ষ বলেছে, “অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে।”

দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে আয়োজকেরা বলেছেন, শুক্রবার থেকে সেখানে আবার সিনেমাগুলো দেখা যাবে।   

কী কারণে প্রদর্শনী স্থগিত হয়েছে প্রশ্ন করলে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল গ্লিটজকে বলেন, "শিল্পকলায় নিজেদের একটা প্রোগ্রাম হবে, হঠাৎ করেই তাদের এক প্রোগ্রামের আয়োজন করতে হচ্ছে। তাই সিনেমা প্রদর্শনী স্থগিত করা হয়েছে।" 

শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামসহ মোট পাঁচটি মিলনায়তনে উৎসবের সিনেমা প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার শিল্পকলায় প্রদর্শিত হওয়ার কথা ছিল ‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ ও ‘দ্য স্টোরি অব আ রক’ সিনেমাগুলো।

এ সিনেমাগুলো আবার কবে দেখানো হবে জানতে চাইলে পরিচালক বলেন, "এই সিনেমার শিডিউল পুনরায় করা হয়েছে, অন্য সিনেমার সঙ্গে সময় বাড়িয়ে এগুলোও দেখানো হবে।"   

নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিন বৃহস্পতিবার। 

শিল্পকলা একাডেমি ছাড়াও ঢাকার জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী বিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন একগুচ্ছ চলচ্চিত্র।

৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে এই উৎসব। উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।