মঞ্চে আসছে 'হ্যানিম্যান'
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিকাশ, নতুন চিকিৎসা-দর্শনের কারণে বিতর্ক ও বিচারিক হয়রানির মুখোমুখি হওয়া তুলে ধরা হবে নাটকে।
হোমিওপ্যাথি চিকিৎসাপদ্ধতির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জীবন, সংগ্রাম ও দর্শনকে কেন্দ্র করে নাটক ‘হ্যানিম্যান’ মঞ্চে আনছে মহাকাল নাট্য সম্প্রদায়।
দলের ৪৫তম প্রযোজনা হিসেবে নির্মিত নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বৃহস্পতিবার। আর শুক্রবার হবে নাটকটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী।
নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু রচিত এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নির্মিত নাটকটির নাম ভূমিকায় একক অভিনয় করছেন মীর জাহিদ হাসান।
নাটকটি হ্যানিম্যানের জীবনের শেষ আট বছরের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত। জার্মানি থেকে ফ্রান্সে এসে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিকাশ, নতুন চিকিৎসা-দর্শনের কারণে বিতর্ক ও বিচারিক হয়রানির মুখোমুখি হওয়া, নিরাপদ পরিবেশে চিকিৎসাচর্চার সংগ্রাম, 'মেটেরিয়া মেডিকা' গ্রন্থের পুনর্লিখন, পারিবারিক টানপোড়েন, সন্তান হারানোর বেদনা এবং মানবকল্যাণে আজীবন নিবেদিত থাকার অনুপ্রেরণামূলক কাহিনী নাটকে তুলে ধরা হয়েছে।
নাটকটি নিয়ে নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, "এটি শুধু একজন চিকিৎসকের জীবনীভিত্তিক নাটক নয়; এটি মানবসেবা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকার গল্প। এরই মধ্যে নাটকটির মহড়া করেছি।”
নাম ভূমিকার অভিনেতা মীর জাহিদ হাসানকে নিয়ে শুভাশীষ বলেন, “তিনি মঞ্চের একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ার। একক অভিনয় দিয়ে নতুনভাবে দর্শকের সামনে আসবেন তিনি। আমরা বিশ্বাস করি, নাটকটি দর্শকদের ভাবাবে।"
