১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জানুয়ারিতে ‘ঢাকা চলচ্চিত্র উৎসব’,থাকবে দেশের অর্ধশতাধিক সিনেমা

৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে উৎসবে।

জানুয়ারিতে ‘ঢাকা চলচ্চিত্র উৎসব’,থাকবে দেশের অর্ধশতাধিক সিনেমা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার। ছবি: আয়োজকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। 

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব।  

সিনেমার এই উৎসব বসছে আগামী বছরের ১০ জানুয়ারিতে, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এবারে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে উৎসবে। এর মধ্যে বাংলাদেশের সিনেমা আছে ৬৭টি। 

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল গ্লিটজকে এসব তথ্য জানিয়ে বলেছেন, মূল প্রতিযোগিতা বিভাগ 'বাংলাদেশ প্যানোরমায়' নির্বাচিত হয়েছে আটটি সিনেমা।  

তিনি বলেন, “আমরা উৎসবের প্রস্তুতি নিচ্ছি। সিনেমা নির্বাচন, শিডিউল তৈরি করা, সব কাজ আমরা গুছিয়ে এনেছি।” 

মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত বাংলাদেশের আটটি সিনেমা হল-সিনেমাগুলো হলো হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। 

বরাবরের মত এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। তা হল-এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।  

তিনটি ভ্যেনু বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সিনেমাগুলো দেখানো হবে।

উৎসবের ২৪তম আসরে 'চাইনিজ ফিল্ম উইক' নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশটির ১৫টি ছবি দেখানো হবে উত্সবে।   

এছাড়া উৎসবে চতুর্থবারের মত থাকবে মাস্টারক্লাস। ভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতা আসবেন এই মাস্টারক্লাস নিতে। উৎসবের আগেই তাদের নাম ঘোষণা করা হবে।

১৯৯২ সাল থেকে 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা 'সেলুলয়েড' প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও শুদ্ধসংগীত আসর আয়োজনও করে তারা।