১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সংসদে কথা বলবেন ফেরদৌস

“ভালো সিনেমা নির্মাণ হলে পুনরায় এ শিল্প ঘুরে দাঁড়াবে,” বলেন প্রদর্শক সমিতির সম্পাদক উজ্জ্বল।

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সংসদে কথা বলবেন ফেরদৌস
‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:48 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

দেশের চলচ্চিত্র শিল্পের নানা সংকট জাতীয় সংসদে তুলে ধরার ঘোষণা দিয়েছেন রূপালি পর্দায় আড়াই দশক কাটিয়ে দেওয়া সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

তিনি বলেছেন, “বর্তমানে অল্প কিছু হলে সিনেমা মুক্তি পায়। সেখানে একজন প্রযোজক সিনেমা থেকে খুবই সামান্য টাকা পায়। এ অবস্থায় আমরা যদি ট্যাক্সের টাকাটা কমানোর জন্য সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে তুলে ধরতে পারি, তাহলে আমাদের এই শিল্পের জন্য বড় সমস্যার সমাধান হবে।”

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস বলেন, “আমাদের এই শিল্পের অনেক সমস্যা রয়েছে, এগুলোর সমাধানও আছে। এই সমস্যার সমাধানে নিজেদেরই এগিয়ে আসতে হবে। ভালো ভালো সিনেমা বানাতে হবে। জাতির পিতার হাতে গড়া এই এফডিসির জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা রয়েছে। আমরা এই শিল্পকে এগিয়ে নিতে সংসদে এই শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে কথা বলব।"   

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার প্রযোজক আরশাদ আদনান বলেন, “অনেক দিন ধরেই প্রযোজক সমিতি প্রশাসকের হাতে। প্রযোজক সমিতির সমস্যা যত দ্রুত সম্ভব- সমাধান করব। প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আশা করছি, অচিরেই এ সংসট নিরসন হবে।"  

চলচ্চিত্রের জন্য সিঙ্গেল স্ক্রিনের বিকল্প নেই মন্তব্য করে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, “যে হলগুলো আছে তা আধুনিক করতে হবে। চলচ্চিত্র সম্পর্কে যাদের জানাশোনা আছে, অনুদান দেওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্ব দিতে হবে।"

হল মালিকরা যে দীর্ঘদিন ধরে লোকসান গুনছেন তা বৈঠক তুলে ধরেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

তার কথায় “হল মালিকরা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্প বাঁচাতে ভূমিকা রাখছে। ঈদের সিনেমা ছাড়া বছরজুড়ে হল মালিকদের লোকসান গুনতে হয়। তার পরও তারা শিল্পটির সঙ্গে জড়িয়ে আছে। 

“সিনেমা হলগুলো আধুনিক করার চেষ্টা চলছে। ভালো সিনেমা নির্মাণ হলে পুনরায় এ শিল্প ঘুরে দাঁড়াবে। তার প্রমাণ ‘প্রিয়তমা’।"  

চলচ্চিত্র শিল্পের সংকট উত্তরণের উপায় খুঁজতে বারবার বৈঠক করার তাগিদ দিয়ে শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা রোজিনা বলেন, “সমস্যাগুলো বের করে সমাধানের চেষ্টা করতে হবে। সেন্সরে বোর্ডে দায়িত্ব থাকার কারণে অনেক সিনেমা দেখতে হয়। এমন কিছু সিনেমা আছে যেগুলো হলের উপযোগী না। সেগুলোও হলে মুক্তি পায়। 

“এসব সিনেমা দর্শকদের হলবিমুখ করে। চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদানে গুরুত্ব দিতে হবে। তাহলেই আমাদের এ শিল্প আরও এগিয়ে যাবে।" 

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রাজু আলীম, সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- বাচসাস সাবেক সভাপতি রেজানুর রহমান, শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেক জান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কার্যনির্বাহী সদস্য, চুন্নু, নানা শাহ, শাহনূর, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্র সম্পাদক আবু মুসা দেবু, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, মুক্তি, চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, হাবিবুল ইসলাম হাবিব, অরুণ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, গাজী মাহবুব, চয়নিকা চৌধুরী, বুলবুল বিশ্বাস, মাসুমা তানি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস, উপদেষ্টা সদস্য ইউনুস রুবেল।