Published : 26 Jul 2025, 01:01 PM
প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করছেন ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের তিন বন্ধুর একজন, শারমান যোশি। ওই সিনেমায় ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও কাজ করার কথা ছিল। তবে নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন বাসার।
সিনেমার নাম ‘ভালোবাসার মরশুম’; এতে যোশির নায়িকা হবেন কলকাতা অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
আদ্যোপান্ত প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয়ের জন্য যোশি বাংলা ভাষা শিখতেও শুরু করেছেন বলে লিখেছে আনন্দবাজার।
এম এন রাজের পরিচালনায় সিনেমার প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। রাজ এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়ে আলোচনা এসেছিলেন।
আনন্দবাজারকে রাজ বললেন, “এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।’’
নতুন কাজ নিয়ে রোমাঞ্চিত সুস্মিতাও, যোশির সঙ্গেও কাজের সুযোগ পাওয়াটা 'বড় বিষয়' বলে মনে করেন তিনি।
এর মধ্যে শুক্রবার দেশের কয়েকটি সংবাদমাধ্যমে খবর আসে যোশির সঙ্গে ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় কলকাতার চলচ্চিত্রে অভিষেক হতে চলেছে খায়রুল বাসার ও তানজিন তিশার। এ মাসের দ্বিতীয় সপ্তাহে তিশা ও বাসারের সঙ্গে নির্মাতা টিমের চুক্তিও সম্পন্ন হয়েছে।
তবে রাতেই ফেইসবুকে পোস্ট দিয়ে বাসার জানিয়েছেন, শিডিউল জটিলতার কারণে তিনি ‘ভালোবাসার মরশুম’ সিনেমার প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
বাসার আরো জানিয়েছেন যে, নির্মাতা টিমের সঙ্গে তার চুক্তিবন্ধ হওয়ার যে খবর কোনো কোনো সংবাদমাধ্যমে এসেছে তা সত্যি নয়।
বাসার বলেন, তিনি কোনো চুক্তির কাগজে সই করেননি।
তিনি বলেন, “সাইনিং মানি রেমুনারেশনের ৫০% , তা গ্রহণ করা হয়নি এবং কনট্রাক্ট পেপারে আমি সাইনও করিনি। কনফার্মেশন মানি হিসেবে একটা এমাউন্ট উনারা আমাকে পাঠিয়েছিলেন। এসবই যথেষ্ট আন্তরিকতার সাথেই হয়েছে।"
কাজটি ছেড়ে দেওয়ার বিষয়ে এই অভিনেতা লিখেছেন, “কনফার্মেশন মানি ফেরত দেয়ার জন্য ব্যাংক একাউন্ট চেয়ে রাখলেও তা উনারা এখনো পাঠাননি। শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে। আমি ২২ জুলাই মিটিং করে ২৫ জুলাই সিদ্ধান্ত জানিয়েছি কাজটা শিডিউল জটিলতায় করতে পারছি না।”
এদিকে টেলিগ্রাফ ইন্ডিয়াকে বাংলা ভাষা শেষার পর্ব নিয়ে যোশি বলেছেন তিনি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের একজন ভক্ত।
যোশি বলেন, “বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। এর আগে বাংলা ভাষার কোনো সিনেমায় কাজ করা হয়নি।”
তবে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার হিন্দি রিমেক 'গ্যাং অব গোস্টস' এ যোশি কাজ করেছেন বলে জানিয়েছেন।
তবে যোশির ভাষ্য, তিনি বাংলা সিনেমার একজন দর্শক।
পরিচালক রাজ বলেছেন, দার্জিলিংয়ে সিনেমার শুটিং শুরু হবে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে।
আর কিছু অংশের কাজ মুর্শিদাবাদে হওয়ার কথা রয়েছে। আগামী বছরের দুর্গাপূজায় সময়ে সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছেন নির্মাতারা।