১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শতবর্ষে চলে গেলেন ভারতের ‘মডেল গার্ল’ নায়িকা

খ্যাতিমান পরিচালক গুরু দত্ত, রাজ কাপুর, ভি সান্তারামের মত পরিচালকের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 01:38 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

ভারতের শতবর্ষী অভিনেত্রী স্মৃতি বিশ্বাস মারা গেছেন; বাংলা ও হিন্দি সিনেমার দুনিয়ায় তার পরিচিতি ছিল স্মৃতি বিশ্বাস নারাং নামে।

সংবাদ প্রতিদিন লিখেছে, বুধবার মহারাষ্ট্রের নাসিক শহরে এই অভিনেত্রী মারা যান। বার্ধক্যের নানা ধরনের অসুখে ভুগছিলেন স্মৃতি বিশ্বাস। 

বাংলাদেশের খুলনা জেলায় ১৯২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তার জন্ম। ছোটবেলা থেকেই বড় পর্দার সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে নায়িকা হিসেবে স্মৃতি বিশ্বাস সিনেমা জগতে পা রেখেছিলেন ১৯৩০ সালে। চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘নীল আকাশের নিচে’ সিনেমায় তিনি অভিনয় করেছেন, কাজ করেছেন হেমন্ত বোসের দ্বন্দ্ব সিনেমাতেও।

বাংলা সিনেমার পাশাপাশি ১৯৫০ সালে মুম্বাই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন স্মৃতি। ১৯৬১ সালে ‘মডেল গার্ল’ নামের একটি হিন্দি সিনেমা করে বেশ আলোচিত হন তিনি। তবে সেটি ছিল তার শেষ হিন্দি সিনেমা।

খ্যাতিমান পরিচালক গুরু দত্ত, রাজ কাপুর, ভি সান্তারামের মত পরিচালকের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। 

বাংলা ভাষার পাশাপাশি মারাঠি ও হিন্দি সিনেমাতেও তাকে দেখা গেছে। 

উত্তম কুমার, দেব আনন্দ, কিশোর কুমার, বলরাজ সাহানি, ভগবান দাদা থেকে শুরু সে সময়ের নামকরা অভিনেতাদের সঙ্গে এই অভিনেত্রীকে পাওয়া গিয়েছিল।  

ক্যারিয়ারে বেশ সফলতা পেলেও পরিচালক এস ডি নারাংকে বিয়ের পর অভিনয় থেকে সরে যান অভিনেত্রী।

স্বামীর মৃত্যুর পর তিনি নাসিকে চলে আসেন। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি স্মৃতির ১০০তম জন্মদিন পালন করা হয়। 

অভিনেত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউড পরিচালক হনসল মেহেতা। ইনস্টাগ্রামে অভিনেত্রীর কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এবার শান্তিতে থাকুন স্মৃতিজি। আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলার জন্য ধন্যবাদ আপনাকে।”

স্মৃতির কাজগুলোর মধ্যে আছে 'চাঁদনী চক' (১৯৫৪), 'রাজ কন্যা' (১৯৫৫), 'বাপ রে বাপ' (১৯৫৫), 'জাগতে রাহো' (১৯৫৬), 'সাইলাব' (১৯৫৬), 'তকসাল' (১৯৫৬), 'দিল্লি কা ঠগ' ' (১৯৫৮), মৃণাল সেনের 'নীল আকাশের নীচে' (১৯৬০) এবং 'মডার্ন গার্ল' (১৯৬১)।