১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাবার স্মৃতিতে মৌ, নতুন আবহে ফিরল ‘সোনার কাঠি রুপোর কাঠি’

মৌ প্রথমবারের মত কবিতা পাঠ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 10:19 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের জন্মদিন এবং ‘বাবা দিবস’ ঘিরে তার বাবা প্রয়াত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি গান নতুন আবহে প্রকাশ করা হয়েছে। 

গানের শিরোনাম ‘সোনার কাঠি রুপোর কাঠি’; গানটি নতুন করে গেয়েছেন ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহা; আর তাতে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন সাদিয়া ইসলাম মৌ।

‘বিশ্বরঙ’ ও বিপ্লব সাহার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেইজে গানের মিউজিক ভিডিওটি একযোগে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাঈম গহরের লেখা এবং আনোয়ার পারভেজের সুরে গানটি অতীতে সাইফুল ইসলামের কণ্ঠে পরিচিতি পেয়েছিল। সেই গানটিকেই রাজন সাহার নতুন সংগীতায়োজনে পুনরায় গেয়েছেন বিপ্লব সাহা। এতে অনিক চন্দ চিত্রগ্রহণ এবং তুষার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।

এই কাজের প্রেক্ষাপট নিয়ে বিপ্লব সাহা বলেন, “সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তার জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি এমন একটি উপহার দিতে চেয়েছি, যা তার হৃদয়কে স্পর্শ করবে। সংগীতশিল্পী সাইফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করেছি। সাদিয়া ইসলাম মৌয়ের কণ্ঠে প্রথমবারের মত কবিতা পাঠ এই কাজটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলেছে।”

বিপ্লব সাহা আরও বলেন, "এই বিশেষ মিউজিক ভিডিও শুধু একটি গান নয়, বরং বাবার প্রতি একজন কন্যার ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগঘন শিল্পিত প্রকাশ। আশা করছি দর্শক-শ্রোতারও ভালো লাগবে গানটি।"

গানটি নিয়ে মৌ বলেন,"আমার বাবা বেশ কিছু গান করেছেন। তার বেশ কিছু গানের মধ্যে একটি দুইটি গান বহুল পরিচিত। তার মধ্যে হচ্ছে এই  ‘সোনার কাঠি রুপোর কাঠি’। বিপ্লব সাহা আমার পরিবারেরই একজন। তিনি আমার বাবাকে শ্রদ্ধা জানিয়ে গানটি গেয়েছেন। এই ছোট কাজটার সঙ্গে আমি পাশে আছি, আপনারা পাশে থাকবেন এই আশা করছি। "