Published : 01 Sep 2025, 06:01 PM
পঞ্চাশ বছর আগে ভারতে ‘চুপকে চুপকে’ মুক্তির পর বাজেটের চেয়ে দশগুণ বেশি রোজগার করলেও, ওই সিমেনায় অভিনয়ের জন্য একটি পয়সাও পারিশ্রমিক নেননি বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চনর।
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু অমিতাভের। ১৯৭৩ সালের ‘জঞ্জির’ সিনেমার পর ‘তারকা’ তকমা পেয়েছিলেন অমিতাভ। এরপর তাকে সিনেমায় নেওয়ার জন্য নির্মাতাদের মধ্যেও এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তিনিও উঁচু দরের পারিশ্রমিকে কাজ করা শুরু করেন বলে লিখেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’।
কিন্তু ১৯৭৫ সালের ‘চুপকে চুপকে’ সিনেমায় অভিনয় করার জন্য, অভিনেতা নিজেই নির্মাতাদের কাছে অনুরোধ করেছিলেন। এরপর তিনি জানতে পারেন, তাকে নেওয়ার মত আর্থিক সঙ্গতি নির্মাতা টিমের ছিল না। কারণ অমিতাভ যোগাযোগের আগেই ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুরের মত বড় তারকাদের সিনেমায় নিয়ে নিয়েছিলেন ‘চুপকে চুপকে’ সিনেমার পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়।
কিন্তু অমিতাভ বচ্চন নিজের জেদ ধরে বসেছিলেন এবং কোনো পারিশ্রমিক না নিয়েই সিনেমাতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন।
কারণ হৃষিকেশ মুখোপাধ্যায়ের দক্ষতার প্রতি অনুরাগী ছিলেন অমিতাভ। তিনি এই প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাননি।
এদিকে হৃষিকেশ মুখোপাধ্যায় অমিতাভ অভিনীত অধ্যাপক সুকুমার সিনহা এবং জয়া বচ্চন অভিনীত বসুধার ভূমিকায় নতুনদের নিতে চেয়েছিলেন। পরিচালক অমিতাভ-জয়াকে বলেছিলেন, তাদের মত তারকাদের জন্য দুটি চরিত্রই খুবই ছোট। কিন্তু অমিতাভের সঙ্গে জয়াও হৃষিকেশের কোনো কথা কানে তোলেননি। তারা কোনো পারিশ্রমিক না নিয়ে সিনেমাটি করেন।
১৯৭৩ সালে অমিতাভ ও জয়ার তুমুল আলোচিত সিনেমা ‘অভিমান’। পরিচালক ছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। স্বয়ং অমিতাভের মতেই ‘অভিমান’ একটি ‘ক্ল্যাসিক’ সিনেমা। এর ‘তেরে মেরে মিলন কি এ’ গানটির আবেদন গত চল্লিশ দশকেও ফুরোয়নি।

ওই সিনেমায় অমিতাভ তার স্ত্রী জয়ার গানের জগতের খ্যাতির ছটায় ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকেন। স্ত্রীর সেই সাফল্য মানতে অপরাগ গায়ক স্বামী রুদ্ধ করেন তার স্ত্রীর গান। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে সেই কাজের অনুতাপ-গ্লানিতে বিদ্ধ হন তিনি। বোধদয়ে গানে ফিরিয়ে আনেন স্ত্রীকে।
এই দম্পতির বিয়ের এক মাস পরে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায় ভাসিয়েছে বক্স অফিসকেও। অমিতাভ-জয়া জুটির জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘অভিমান’র কথা দর্শকেরা মনে রেখেছেন আজও। এই সিনেমা অমিতাভের ক্যারিয়ারকেও অনন্য করে তোলে।
নির্মাতা হৃষিকেশ মুখোপাধ্যায় তার ‘জুরমানা’ সিনেমায় অভিনেত্রী রাখীর বিপরীতে আনেন অমিতাভ বচ্চনকে। ১৯৭৯ সালে নির্মাণ করা হয় এই সিনেমাটি। এখানে বচ্চনকে একজন ফুর্তিবাজের চরিত্রে দেখা যায়। রাখী এবং অমিতাভ জুটির আটটি সিনেমার মধ্যে ‘জুরমানা’কে সেরা একটি হিসেবে আখ্যায়িত করেন সিনেমা সমালোচকরা।

তবে অমিতাভের ভাষ্য, ‘জুরমানা’র জনপ্রিয়তায় তার নিজের তেমন কোনো কৃতিত্ব আছে বলে মনে করেন না তিনি। কারণ পরিচালক হৃষিকেশ তাকে যেমনটা দেখিয়ে দিয়েছিলেন, তিনি ঠিক তেমনটাই দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।