Published : 24 Jul 2026, 08:41 PM
মহানায়ক উত্তম কুমার নাকি মনের শক্তি ‘হারিয়ে ফেলেছিলেন’, মাঝেমধ্যে ‘আত্মহননের’ কথাও বলতেন কাছের মানুষদের। এ ধরনের কিছু কথা প্রচলিত আছে কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতে।
উত্তম চলে যাওয়ার ছেচল্লিশতম বার্ষিকীকে এই কথার সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’। তারা যোগাযোগ করে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কারণ একটা সময় একাধিক সিনেমায় অভিনয়ের দৌলতে উত্তম আর বিশ্বজিৎ যেন ‘দুই ভাই’ হয়ে গিয়েছিলেন। উত্তম আদর করে ডাকতেন ‘বিশু’।
‘আত্মহত্যা ইচ্ছার’ গুঞ্জন নস্যাৎ করে বিশ্বজিৎ বলেন “উত্তমদা ভীষণ শক্ত মনের ছিলেন। তিনি আত্মহত্যা করার মানুষই নন। শুনেছি, শেষ মুহূর্তেও তিনি তার প্রিয় চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ সুনীল সেনকে বলেছিলেন, ‘সুনীলদা, এ বারের মত বাঁচিয়ে দিন’!”
“উত্তমকুমারের বাঁচার ইচ্ছা ছিল খুব। কিন্তু ঈশ্বরের যে অন্য রকম ইচ্ছা ছিল”, আফসোস করে বলেন বিশ্বজিৎ।
কথায় কথায় বিশ্বজিৎ বলেন মুম্বাইয়ে কাজ করতে গিয়ে ‘প্রচণ্ড ধাক্কা’ খেয়েছিলেন উত্তম কুমার। নায়িকানির্ভর সিনেমা ‘ছোটি সি মুলাকাত’ করতে গিয়ে প্রচুর টাকা লোকসান হয়েছিল তার।
এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যিনি বাংলার মহানায়ক, তার মুম্বাইয়ের প্রথম সিনেমা নায়িকানির্ভর কেন হবে? তিনি যে ভুল করছেন, সেটা একবারও কেউ ধরিয়ে দিলেন না!”

বিশ্বজিতের চোখে উত্তম কুমারের আরও কিছু সিদ্ধান্ত ভুল ছিল।
তিনি বলন, “যেমন, রাজ কাপুরের সঙ্গে ‘সঙ্গম’ সিনেমায় অভিনয় না করা। প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের সিনেমায় অভিনয় না করে অকারণে তাকে ফিরিয়ে দেওয়া। একা হাতে ‘ছোটি সি মুলাকাত’ প্রযোজনা করা।
“বন্ধু বলে যারা তাকে ঘিরে থাকতেন, তারা তখন কেউ নেই! সব দেখেছিলেন উত্তম কুমার। সয়েছিলেন একা। এর ফলাফল হৃদরোগে আক্রান্ত হন তিনি।”
উত্তম কুমারের জন্ম ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর। উত্তর কলকাতার আহিরিটোলায়, মামাবাড়িতে জন্মান তিনি। জীবনের শুরুতে তিনি উত্তম কুমার নন নামে পরিচিত ছিলেন না। তার মূল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়।
উত্তম কুমার ছিলেন একাধারে অভিনেতা, সুরকার, প্রযোজক ও পরিচালক। তার চলচ্চিত্রজীবন ৩০ বছরের। এই সময়ে অভিনীত ছবির সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ৩৫ জন অভিনেত্রী।
তবে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গেই তার নাম উজ্জ্বল হয়েছে। এই জুটি হয়েছে চিরকালীন নাম। সুচিত্রা সেনের সঙ্গে তিনি অভিনয় করেছেন ২৯টি ছবিতে।
মাত্র ৫৩ বছর বয়সে ১৯৮০ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান উত্তম কুমার।