ভুল সিদ্ধান্তে ওলটপালট জীবন, নাটক ‘নিয়তি’
শুক্রবার রাত সাড়ে ১০টায় দেখা যাবে ‘নিয়তি’।
মানুষের জীবনে কিছু ঘটনায় তার নিজের নিয়ন্ত্রণ থাকে না, একটা ভুল সিদ্ধান্তে ওলটপালট হয়ে যায় জীবন- এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘নিয়তি’।
মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় দেখা যাবে ‘নিয়তি’।
রাজীব মণি দাসের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতীসহ অনেকে।
নাটকের চিত্রনাট্যে দেখাবে, স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে একবারে চলে আসে ইশা। সে বিবাহবিচ্ছেদ চায়। বাবা-মা ইশাকে বোঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা নিজের সিদ্ধান্তে স্থির থাকতে চায়।
নিজের মত করে জীবন চালাতে চায় ইশা। এর মাঝেই ইশার জীবনে আসে রাতুল নামের এক ছেলে। তাদের সম্পর্ক তৈরি হয়। ইশা রাতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
মেয়ের এ সিদ্ধান্তে খুশি নয় পরিবারের কেউ। সবার বিপক্ষে গিয়ে রাতুলের সঙ্গে কাজী অফিসে গেলে রাতুলের আসল পরিচয় বের হয়। ইশার সব হিসাবনিকাশ গোলমাল পাকিয়ে যায়। নতুন ঘটনা তার জীবন ওলটপালট করে দেয়। এমনই গল্পে এগিয়ে যাবে নাটকটি।
নাটকটি নিয়ে রচয়িতা রাজীব মণি দাস বলেন, "নিজের ইচ্ছেমত সবসময় সবকিছু ঘটে না। যেটা ঘটে সেটাই নিয়তি। এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানা হিসাবনিকাশ। যে হিসাব কখনো মেলে কখনো মেলে না।"
পরিচালক নাজনীন হাসান খান বলেন, "মানুষের ভাগ্যে কখন কী ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্রবিশেষে একে অন্যেকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন।"
