Published : 08 Aug 2026, 10:26 PM
মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে নস্টালজিয়া নিয়ে প্রকাশ পেল গান ‘সুচিত্রা সেন’।
গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘পার্থিব’ ব্যান্ডের ভোকাল আশফাকুল বারী রুমন। সুর ও সংগীতায়োজনও করেছেন রুমন।
রুমনের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রচারে এসেছে।
গানটি নিয়ে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, "এই গানের মধ্যে সুচিত্রা সেন আছেন, আবার নেইও। আমরা যখন স্কুলে পড়তাম, সে সময় সুচিত্রা সেন ছিলেন এক বিশাল অনুভূতির নাম। সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক হিসেবেই ভাবা হত তাকে। ওই সময়ে নিজের পছন্দের মানুষকে সিনেমা কিংবা উপন্যাসের চরিত্রের সঙ্গে মেলানোর একটা প্রবণতা ছিল সবার মধ্যে। হঠাৎ মনে হল, সেই সময়ের নস্টালজিয়া নিয়ে একটা গান লেখা যাক। এভাবেই গানটির জন্ম।"
এর আগে শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গান গাইলেও এবারই প্রথম তার লেখা গানে সুর বাঁধলেন রুমন।
গানটি নিয়ে রুমন বলেন, "দীর্ঘদিনের ইচ্ছা ছিল জঙ্গী ভাইয়ের লেখা গানে সুর করার। একদিন রাতে ফোন করে জানালেন, আমার জন্য একটা গান লিখেছেন। সেদিনই তার বাসায় গিয়ে কথাগুলো দেখে ভীষণ ভালো লেগে যায়। সাথে সাথেই একটা ডেমো তৈরি করি, যা তিনি পছন্দ করেন। অবশেষে গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।"