১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীর হামলায় আহত অভিনেত্রী রঞ্জিতার কানে সাত সেলাই

আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় আসেন রঞ্জিতা।

ছিনতাইকারীর হামলায় আহত অভিনেত্রী রঞ্জিতার কানে সাত সেলাই
রঞ্জিতা কনা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার আশির দশকের অভিনেত্রী রঞ্জিতা কনা।   

রাজধানীর রামপুরা এলাকায় রোববার এই ঘটনা ঘটে। এরপর অভিনেত্রীকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে গ্লিটজকে জানিয়েছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমান।    

তিনি বলেন, “এফডিসিতে এসেছিলেন রঞ্জিতা আপা। আমাদের সবার সঙ্গে গল্প করে বাসায় ফেরার পথে ছিনতাইকারী তার কানের দুল ধরে টান দিলে কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। সাতটি সেলাইন লেগেছে। 

“আমরা আপাকে দেখতে গিয়েছিলাম। রক্ত বন্ধ হচ্ছিল না, রাতে হাসপাতালে ভর্তি ছিলেন আপা। দুপুরে বাসায় পৌঁছেছেন তিনি।”    

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়েছিলেন রঞ্জিতা।  

এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন সনি।

আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। সেই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন বাপ্পারাজের বিপরীতে।

প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০৫ সালের পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।