Published : 30 Dec 2025, 04:06 PM
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামী তিন দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা বলেছে, "রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই চিরস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ২রা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ৩রা জানুয়ারি থেকে সকল কর্মসূচি চালু থাকবে।"
একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।