১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তমকে দেওয়া সুচিত্রার লাইটার আছে যার কাছে

‘নায়ক’ সিনেমায় উত্তম কুমার যে রোদচশটি ব্যবহার করেছেন সেটির প্রতি গৌরবের আকর্ষণ ছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

অনবদ্য জুটি তৈরি করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলো ছড়িয়েছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। উত্তম-সুচিত্রা জুটি ছাড়া সে সময় কোনো ছবি ‘হিট’ হবে, এটা ভাবা নির্মাতাদের জন্য কঠিন হত। ৩১টি সিনেমায় জুটি বাঁধা মহানায়ক ও মহানায়িকা ব্যক্তি জীবনেও দারুণ বন্ধু হয়ে ওঠেন। উত্তমকে সুচিত্রার উপহার দেওয়া একটি লাইটার এখনও যত্নে রাখা আছে একজনের কাছে।

লাইটারটি রাখা আছে উত্তমের দৌহিত্র কলকাতার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের কাছে। 

উত্তমের ৪৫তম প্রয়াণ দিবসে আনন্দবাজারকে গৌরব বলেছেন মহানায়কের বেশ কিছু ব্যবহৃত জিনিস যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। 

গৌরব বলেন, “দাদুর স্যুট, টাই তো আছেই৷ সুচিত্রা সেন দাদুকে একটা লাইটার দিয়েছিলেন, সেটাও যত্ন করে তুলে রেখেছি।”

‘নায়ক’ সিনেমায় উত্তম কুমার যে রোদচশটি ব্যবহার করেছেন সেটির প্রতি গৌরবের আকর্ষণ ছিল বলে জানিয়েছেন।  চশমার প্রতি আলাদা আকর্ষণ ছিল তাঁর৷

“ওটা আমার কাছে আছে। কিন্তু কখনও পরতে চাই না। ”

উত্তম কুমার মারা যান গৌরবের জন্মের চারবছর আগে। 

গৌরব বলেন, “ছোটবেলায় বাবাকে হারিয়েছি, দাদু, ঠাকুমাকেও পেয়েছি খুব কম। তাই ঠাকুরদা সম্পর্কে খুব বেশি কিছু যে জানি, তা নয়।”

উত্তমের ব্যবহৃত জিনিসপত্র, তার স্থিরচিত্র এবং সিনেমার মাধ্যমেই তিনি গৌরবের মনে বেঁচে আছেন বলে ভাষ্য এই অভিনেতার। 

১৯৮০ সালের চব্বিশে জুলাই মহালোকে পাড়ি দিয়েছিলেন উত্তম। ৫৪ বছর বয়সে তার চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি আজও।