১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন সিজনে দুরন্ত টিভি, যা থাকছে আয়োজনে

এই সিজনে প্রচার হওয়া নাটকের মধ্যে রয়েছে 'এলাটিং বেলাটিং ও পাপেট', 'বর্ণমালার ঘর', 'অবাক করা গাছের দেশে'।

নতুন সিজনে দুরন্ত টিভি, যা থাকছে আয়োজনে
দুরন্ত সময় 'সিজন ৩' অনুষ্ঠানের দৃশ্য। ছবি: দুরন্ত টিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 07:08 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

শিশুদের বিশেষায়িত চ্যানেল দুরন্ত টিভির ৩৪তম সিজন শুরু হতে যাচ্ছে বেশ কিছু নতুন অনুষ্ঠান নিয়ে।

বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভি জানিয়েছে, এই সিজনে থাকছে নতুন অনুষ্ঠান 'দুরন্ত মেধাবী'; কার্টুন সিরিজের মধ্যে রয়েছে 'জিগি অ্যান্ড দ্য জুট্রাম', 'ভিক দ্য ভাইকিং', 'হাইডি', 'ট্রি ফু টম', 'বিগ অ্যান্ড স্মল', 'মীয়া অ্যান্ড মি', 'দ্য স্মার্ফস', 'পিনি ইন্সটিটিউট অব নিউইয়র্ক', 'কোকোনাট দ্য লিটল ড্রাগন', 'মায়া দ্য বী', 'ল্যাসি'।  

এই সিজনে প্রচার হওয়া নাটকের মধ্যে রয়েছে 'এলাটিং বেলাটিং ও পাপেট', 'বর্ণমালার ঘর', 'অবাক করা গাছের দেশে'।  

অনুষ্ঠানের মধ্যে রয়েছে 'কাট্টুস কুট্টুস', 'দুরন্ত সময়' ও 'দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন'। এর পাশাপাশি দুরন্ত সিনেমা সময়ে প্রচার হবে দেশি, বিদেশি কিছু সিনেমা।

'দুরন্ত মেধাবী'  

দুরন্ত টিভিতে আসছে কুইজ শো ‘দুরন্ত মেধাবী’। সারা দেশ থেকে বাছাই করা মেধাবী শিশুদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে অনুষ্ঠানটির ২৬টি পর্ব।

অনুষ্ঠানটিতে প্রতিযোগীদের ৫টি চ্যালেঞ্জিং রাউন্ডের মুখোমুখি হতে হয়। প্রতিটি রাউন্ডে তিনটি প্রশ্ন। মেধা, বুদ্ধি ও ধাঁধার সেসব প্রশ্নের চ্যালেঞ্জ জিতলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার ও পরের রাউন্ড খেলার সুযোগ। 

মূল আকর্ষণ মেগা পুরস্কার, যা জিততে প্রতিযোগীদের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে ‘হাই রিস্ক’ নিয়ে।

কুইজের চ্যালেঞ্জ ছাড়াও অনুষ্ঠানটিতে আছে প্রতিযোগীদের মজার মজার সব গল্প।

'দুরন্ত মেধাবী' পরিচালনা করেছেন জামাল হোসেন আবির এবং সঞ্চালনা করেছেন পার্থ প্রতিম হালদার। অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায়।

নাটক 'বর্ণমালার ঘর'

ফের আসছে 'বর্ণমালার ঘর'। প্রচার শুরু হবে রোববার থেকে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ও রাত সাড়ে ৯টায় দেখা যাবে নাটকটি।

এই ধারাবাহিকের গল্প একটি পাপেট পরিবার আর তাদের আশেপাশের কিছু মানুষের চরিত্র নিয়ে। গল্পে দেখানো প্রতিদিনের নানান ঘটনার মধ্য দিয়ে শিশুরা জানে বাংলা বর্ণমালা। 

এছাড়াও আছে গল্পে গল্পে বর্ণমালা নিয়ে মজার মজার গান, অ্যানিমেশন আর অক্ষর দিয়ে অরিগ্যামি। পাপেটরা ছাড়াও এখানে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চিত্রলেখা গুহ, আনন্দ খালেদ, আনোয়ারুল আলম সজল ও রোকসানা রুমা।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির।

কার্টুন ধারাবাহিক 'মিয়া অ্যান্ড মি'

নতুন কার্টুন ধারাবাহিক 'মীয়া অ্যান্ড মি' প্রচার শুরু হবে রোববার থেকে।  প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ২টায় ও রাত সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটি।  

নাটকটির চিত্রনাট্য তৈরি হয়েছে কিশোরী মীয়াকে ঘিরে। যে জন্মদিনে বাবার কাছ থেকে পায় জাদুকরী ক্ষমতার রূপকথার বই আর একটি ব্রেসলেট। বইটি পড়ে সে জানতে পারে পরীর রাজ্য সেন্টোপিয়া সম্পর্কে। ব্রেসলেটটির সাহায্যে মীয়া চলেও যেতে পারে সেন্টোপিয়া রাজ্যে।

সেখানে তার বন্ধুত্ব হয় ফুডেল, ইউকো এবং রাজপুত্র মোর সাথে। সেন্টোপিয়ায় আরো থাকে গারগোনা নামের এক দুষ্টু ডাইনী। সেন্টোপিয়ায় মীয়ার বিচিত্র সব দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে কার্টুন সিরিজ 'মীয়া অ্যান্ড মি'।

ধারাবাহিক 'পিনি ইন্সটিটিউট অব নিউ ইয়র্ক'

কমেডি ধারার কার্টুন সিরিজ ‘পিনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক’। এই কার্টুনের চরিত্র চৌদ্দ বছর বয়সী মিশেল একজন ডিজাইনার। ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়া স্বপ্ন দেখে সে।

একদিন শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউট ‘পিনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক’ থেকে স্কলারশিপের প্রস্তাব পায় মিশেল। স্বপ্নকে বাস্তব করতে সে ভর্তি হয়ে যায় শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউটটিতে। কয়েকজন বন্ধুও পেয়ে যায় দ্রুত।

মিশেল ও তার বন্ধুদের মজার মজার সব ঘটনা নিয়েই এই কার্টুন। সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব।

দুরন্ত টিভিতে কার্টুনটি শুরু হচ্ছে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টায় ও বিকাল ৫টায়।

কার্টুন 'ল্যাসি – সিজন ২'

‘ল্যাসি-সিজন ২’ প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টায় ও রাত ৮টায়। কার্টুনের গল্পে দেখা যাবে, বাবা-মায়ের সাথে ১০ বছরের জোয়ী একটা ন্যাশনাল পার্কে থাকে। একদিন জোয়ী পাহাড়ের ঢালে খুঁজে পায় এক কুকুরছানা, তার নাম রাখে ল্যাসি। ছোট্ট কুকুরছানা ল্যাসি একদিন বড় হয়ে ওঠে।

জোয়ী আর ল্যাসি তাদের অন্যান্য বন্ধু, হুডিনি, কুপার, পিকা ও বিফকে সাথে নিয়ে নানা চ্যালেঞ্জিং অভিযানে যায়। জোয়ীর সবচেয়ে ভালো বন্ধু হার্ভিও থাকে তাদের সাথে। 

ল্যাসির সাহসিকতায় তারা তাদের অভিযানগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করে। সেইসাথে অর্জন করে নতুন নতুন অভিজ্ঞতা। আর তাদের বন্ধুত্ব হয় আরও শক্তিশালী।

কার্টুনটির বাংলা কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম।

দুরন্ত সময় 'সিজন ৩'  

দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময় - সিজন ৩’ আসছে ব্যায়াম শেখার নতুন চমক নিয়ে। ছোট-বড় সবার অংশগ্রহণে মজার একটি ব্যায়াম সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। 

ছড়া গানের তালে সহজ ও প্রাণবন্ত এইসব ব্যায়ামের সাথে ছোটদের উপযোগী যোগব্যায়ামও থাকে এতে।

পাশাপাশি ব্যায়াম এর ফাঁকে দেখানো হয় ফিচার। যাতে থাকে ক্রাফট তৈরি, সহজ ছবি আঁকা, মুখোশ তৈরি ইত্যাদি। এছাড়াও একজন অতিথির কাছ থেকে মজার মজার সব গল্প শোনা যাবে অনুষ্ঠানটিতে। কখনোবা সেসব গল্পে অভিনয় করতে দেখা যাবে ছোটদের।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। ‘দুরন্ত সময় সিজন ৩’ প্রচার হবে রোববার। এই অনুষ্ঠানটিও প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় ও রাত ৯টায় দেখা যাবে।