১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ঘরে বাইরে’ ছাড়া নিজের কোনো সিনেমা দেখেননি ভিক্টর ব্যানার্জি

“তবে আমি এমন এক বাঙালি পরিবারে জন্মেছিলাম, যেখানে সিনেমা দেখাকে নিরুৎসাহিত করা হত, আর তাতে অভিনয় করা! ভাবতেই পারতাম না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 04:46 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন, জেমস আইভরি, শ্যাম বেনেগালসহ বহু পরিচালকের সৃষ্টি সমৃদ্ধ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা ভিক্টর ব্যানার্জি। 

তার আসল নাম পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। ৭৯ বছর বয়সী এই অভিনেতাকে বাংলার পাশাপাশি অসমিয়া, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় নায়ক বা ভিলেন চরিত্রে তাকে পাওয়া গেছে। এক বছরের ব্যবধানে তিনি কাজ করেছেন কলকাতার বাংলা সিনেমা রক্তবীজ ও এর সিকুয়েলে। 

তবে কেবলমাত্র সত্যজিতের ‘ঘরে বাইরে’ ছাড়া নিজের অভিনীত কোনো সিনেমাই এই বর্ষীয়ান অভিনেতা দেখেননি বলে জানিয়েছেন।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমলে সিনেমা দেখতে ইচ্ছা করে না। আজ পর্যন্ত ‘দুই পৃথিবী’ সিনেমাটি দেখলাম না। তা হলে আর কোন সিনেমা দেখব। একটাই দেখেছিলাম ‘ঘরে বাইরে’। বাকি এত সিনেমায় অভিনয় করেছি যেমন ধরুন ‘লাঠি’, ‘একান্ত আপন’, কিন্তু কোনওটাই দেখিনি।”

জীবনের বড় একটা সময় তিনি কাটিয়েছেন পাহাড়ে। বয়স বাড়ালে কাজের ব্যস্ততা কমিয়ে এই শিল্পি ফিরেছেন পাহাড়ে। জীবন কাটা নিরিবিলি, শান্ত পরিবেশে।

তিনি কেন এই বয়সে শহর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে বলেন, “আমার বেড়ে ওঠাই তো চা বাগানে। আমার ভাই-বোন কেউ ছিল না। মানুষ হয়েছি একা। শিলংয়ে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। বৃষ্টি, ফুটবল, একা থাকা আমার বরাবরের অভ্যাস। বয়সের সঙ্গে সঙ্গে আমার মনে হয় সবাই নিরিবিলি কিছু খোঁজে। একা থাকার জন্য সাহস লাগে। পূজার সময় অবশ্য শহরে থাকা অন্য রকম। কিন্তু পুজা কেটে গেলেই চলে যাওয়া উচিত।”

সোশাল মিডিয়া এড়িয়ে যাওয়ার কারণ সম্পর্কে ভিক্টর বলেন, এ বিষয়টি নিয়ে তার কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই। 

সোশাল মিডিয়া ব্যবহারে সময় নষ্ট হয় বলেও মনে করেন এই অভিনেতা।

তার কথায়, “যাদের কোনো কাজ নেই তারাই বরং সোশাল মিডিয়া ব্যবহার করুন।”

ভিক্টর ব্যানার্জি তার সময় কাটানোর রসদ নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, “এই বয়সে সারাদিন বই পড়ি। আর ইন্টারনেট তো আছেই। গুগলকে সারাদিন প্রশ্ন করি। আমার জীবনে প্রচুর প্রশ্ন আছে। তাই খুঁজতে থাকি। দর্শন, শিল্প কত কী!”

ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনের শুরুটা মসৃণ ছিল না। একবার তিনি বলেছিলেন, সত্যজিৎ রায়, ডেভিড লিন, মৃণাল সেন এবং শ্যাম বেনেগালের মত বিশ্বমানের নির্মাতাদের সঙ্গে কাজ করতে পেরেছেন বলে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

“তবে আমি এমন এক বাঙালি পরিবারে জন্মেছিলাম, যেখানে সিনেমা দেখাকে নিরুৎসাহিত করা হত, আর তাতে অভিনয় করা! ভাবতেই পারতাম না।

“‘শতরঞ্জ কি খিলাড়ি’ যেহেতু সত্যজিৎ রায়ের ফিল্ম, তাই তাতে কাজ করতে পেরেছিলাম। ১৯৭৭ সালের এই ক্ল্যাসিকের জন্য অনুমতি পেয়েছিলাম আর আমার পরিবার তখন উপলব্ধি করে যে অভিনয় একটি সম্মানজনক পেশা।”

ভিক্টর ব্যানার্জিকে বলা হয় ‘অ্যাংরি ইয়ং ম্যান অব টলিউড’। খ্যাতির কেন্দ্রবিন্দু হয়েও নিজেকে কখনো ইন্ডাস্ট্রির অংশ মনে করতেন না তিনি। বরাবরই ছিলেন প্রচারবিমুখ। 

কয়েক বছর আগে ‘থিঙ্কিং অব হিম’ সিনেমাটি দিয়ে আবার আলোচনায় এসেছিলেন ভিক্টর। এই সিনেমায় তাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।

এবারের পূজায় মুক্তি পেয়েছে ভিক্টর ব্যানার্জির ‘রক্তবীজ ২’। নন্দিতা রায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে।