Published : 28 Dec 2025, 10:50 AM
দেড় যুগ আগে মুক্তি পাওয়া বলিউডের অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের ‘ওয়েলকাম’ সিনেমার সিক্যুয়েল মুক্তির পথে এগিয়েছে অনেকটা
দ্বিতীয় কিস্তির নাম রাখা হয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই খবর দিয়েছেন অক্ষয়।
৩১ সেকেন্ডের সেই ভিডিওতে সাদা চুলের অক্ষয়কে পাওয়া গেছে নতুন লুকে। তবে কেবল অক্ষয় নয়, তার সঙ্গে আছেন আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডনসহ আরো কয়েকজনকে।
এনডিটিভি লিখেছে, সব থেকে বড় চমক হল দ্বৈত চরিত্রে ও দুটি আলাদা আলাদা বয়সের চরিত্রে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গলে’ আসছেন অক্ষয়। ভিডিওতে দুটি দল দেখা গেছে।
একটি দলের নেতৃত্ব দেন বয়স্ক অক্ষয়। তার সঙ্গে রয়েছেন রাভিনা, ওয়ারসি, তুষার কাপুর, সুনীল শেঠিসহ আরও কয়েকজন। অন্য দলে দেখা যাচ্ছে দিশা পাটানি ও কম বয়সী অক্ষয়কে। দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কতখানি হবে, তা বোঝা যাবে সিনেমা মুক্তির পর।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, “ওয়েলকাম টু দ্য জাঙ্গল সিনেমার তরফ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের সিনেমা আসছে ২০২৬ সালে। আপনাদের কাছে আমাদের সিনেমার ঝলক তুলে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
সিনেমার শুটিং শেষ হয়েছে জানিয়ে অক্ষয় বলেন, “সবার অনেক পরিশ্রমের ফসল এই হতে চলেছে এই ছবি।”
‘ওয়েলকাম’ সিনেমার সিক্যুয়েল আসার কথা শোনা গিয়েছিল দু বছর আগে। প্রথম কিস্তি দারুণ সফল হয়েছিল। কেবল তাই নয়, ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয় ও ক্যাটরিনা অভিনীত ‘ওয়েলকাম’ সিনেমার গান ‘উঁচা লম্বা কদ’ এখনো জনপ্রিয়।
সেই গানই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’এ ব্যবহার করা হচ্ছে। তবে পুরনো নয়, নতুনভাবে নির্মিত হচ্ছে এই গান।
আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা।