১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটকের যে দৃশ্য নিয়ে বিপাকে হিমি

"বউ সাজতে সাজতে আর লাল শাড়ি কিনতে কিনতে একদম আমাদের অবস্থা খারাপ।”

নাটকের যে দৃশ্য নিয়ে বিপাকে হিমি
জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 10:17 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

নাটকে ঘনঘন বিয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বারবার লাল শাড়ি কেনা এবং কনের সাজ সাজতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।   

বিয়ের দৃশ্যের জন্য সেটের বিশাল আয়োজন এবং ভারি মেকআপ নেওয়ার বিষয়টি বেশ ঝক্কির কাজ বলে মনে করেন হিমি।

সম্প্রতি একটি টেলিভিশন স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ছোটপর্দার এই অভিনেত্রী। হিমির সেই সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। 

হিমি বলেন, "বউ সাজতে সাজতে আর লাল শাড়ি কিনতে কিনতে একদম আমাদের অবস্থা খারাপ। আর প্রস্তুতি বেশি রাখতে হয়, বিয়ের দৃশ্য থাকলেই আলাদা আয়োজনের ব্যাপার থাকে, সেটটা সাজানোর ব্যাপার থাকে, আমাকে একটু বেশি সাজগোজ করতে হয়।"  

বিয়ের দৃশ্যের শুটিংয়ের পর ফের আরেকটি কোনো সাধারণ দৃশ্যের জন্য দ্রুত সেই সাজ বদলানোর বিষয়টি তেমন একটা উপভোগ্য নয় অভিনেত্রীর কাছে। 

হিমির কথায়, "আবার নরমাল কোনো দৃশ্য থাকে তখন আবার সেটাকে বদলাতে হয়। তাই আমি এই বিয়ে বিষয়টা খুব বেশি একটা উপভোগ করি না।"

গেল কয়েক বছরের মত এবারো ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন হিমি। ঈদে প্রচার হবে তার অভিনীত নাটক ‘আমি বেশি গরীব’। 

এই নাটকে তার সহশিল্পী হয়েছেন মোশাররফ করিম। এছাড়াও নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে দেখা যাবে হিমিকে।