১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'নয়া নোটের' রহস্য ভেদ করতে আসছেন নাসির উদ্দিন খান

আইস্ক্রিন জানিয়েছে, শিগগিরই মুক্তি পাবে ‘নয়া নোট’।

'নয়া নোটের' রহস্য ভেদ করতে আসছেন নাসির উদ্দিন খান
‘নয়া নোট’ সিনেমার পোস্টার। ছবি: আইস্ক্রিনের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

অভিনেতা নাসির উদ্দিন খান হাজির হচ্ছেন ‘নয়া নোট’ নামের নতুন এক ওয়েব ফিল্ম নিয়ে।  

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। প্রকাশ্যে এসেছে ‘নয়া নোটের' টিজার; কদিন আগে প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্টলুক পোস্টারও।

টিজারের ভিডিওতে দেখা গেছে যেখানে দেখা যায়, অভিনেতা নাসির উদ্দীন ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। টিজারে তাকে বলতে শোনা গেছে, “ ঢাকাকে জাদুর শহর বলে কারণ, এই শহরে হাত পাতলে খানা না পাওন গেলেও টাকা পাওন যায়। কিন্তু একটা ব্যাপার, টাকা দেয় ময়লা, ফাটা, ছিঁড়া। এই শহরের মানুষগুলার মতই।“

এর আগে প্রকাশ হওয়া ফার্স্টলুক পোস্টারে দেখা গেছে, পাঞ্জাবি গায়ে, উষ্কখুষ্ক চুল-দাড়ির নাসির উদ্দিন তার ঠোঁটের কোণে হাসি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ৫০ টাকার একটি নতুন নোটের দিকে তাকিয়ে আছেন।

আইস্ক্রিনের ফেইসবুক পেইজে পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে "হাতে নতুন নোট, মুখে হাসি। কোন রহস্যের ফাঁদ খুলবে নাসির উদ্দিন খান?"  

আইস্ক্রিন জানিয়েছে, শিগগিরই মুক্তি পাবে ‘নয়া নোট’। তবে ঠিক কবে থেকে দেখা যাবে সেই তারিখ চূড়ান্ত হয়নি।

‘নয়া নোট’ বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী। 

ফেইসবুকে নির্মাতা লিখেছেন, "দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্য, আর কেউ কোটি টাকার জন্য। আমার পরিচালনায় প্রথম সিনেমা ‘নয়া নোট’ খুব শিগগিরই আসছে আইস্ক্রিনে।

অনন্য প্রতীক চৌধুরী নির্মাতা জুটি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে।