Published : 09 Jun 2026, 01:22 PM
ভারতীয় সিনেমায় তারকাদের পারিশ্রমিক বরাবরই আলোচনার বিষয়। নব্বইয়ের দশকে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং তিনখানের রাজত্বে তেলেগু অভিনেতা কনিদেলা চিরঞ্জিবী হঠাৎ বিপ্লব ঘটিয়ে দেন।
ওই সময়ে তিনি একটি সিনেমার জন্য এক কোটি রুপি পারিশ্রমিক নিয়ে বসেন।
এরপর থেকেই ভারতীয় সুপারস্টারদের পারিশ্রমিক সিনেমাপ্রেমী ও বাণিজ্য বিশ্লেষকদের আগ্রহের বড় একটি জায়গা নিয়ে আছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরপর তিন দশক ধরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতাদের তালিকায় আধিপত্য ধরে রেখেছিল বলিউড সুপারস্টাররা। তবে গত কয়েক বছরে সিনেমার সাফল্য, অভিনয় শিল্পীদের পারিশ্রমিক ও বাজেট-সব কিছুতেই বলিউড ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়েছে দক্ষিণ ভারতের প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রগুলো।
দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারের ফলে তেলেগু ও তামিল তারকারাও এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন। বর্তমানে তাদের একজনই বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতা।

২০২৪ সালে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল’। এর মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে একক সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ড গড়েন আল্লু অর্জুন। এই সিনেমার জন্য তিনি নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার আয়ের একটি অংশও নিয়েছিলেন। আর এই লভ্যাংশই তাকে অন্য সব তারকার থেকে অনেকটা এগিয়ে দিয়েছে।
বাণিজ্য বিশ্লেষকদের দাবি, বিশ্বজুড়ে ১৭০০ কোটিরও বেশি রুপি আয় করে ‘পুষ্পা ২’। সিনেমার লাভের পরিমাণ ছিল ৬০০ কোটিরও বেশি। তার একটা বড় অংশ পেয়েছেন পর্দার ‘পুষ্পা’। নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমা থেকে তার মোট আয় প্রায় ৩০০ কোটি টাকা বা তারও বেশি দাঁড়ায়।
এই অঙ্ক ভারতের বহু বড় বাজেটের সিনেমার মোট নির্মাণ খরচের থেকেও বেশি। উদাহরণ হিসাবে বলা যায়, এক সময়ের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘বাহুবলী ২’-এর বাজেট ছিল ২৫০ কোটি রুপির কম।
তিন খানের আধিপত্য
দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় রাজত্ব করেছেন তিন খান— শাহরুখ খান, আমির খান এবং সলমন খান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অমিতাভ বচ্চন ও সঞ্জয় দত্তের পরে তাদের উত্থান ঘটে। ধারাবাহিক সাফল্যের ফলে ক্রমশ বেড়েছে তাদের পারিশ্রমিকও। শাহরুখই প্রথম সিনেমার লাভের অংশ নেওয়ার প্রথা চালু করেন, আর আমির খান প্রথম ১০০ কোটির পারিশ্রমিকের গণ্ডি পেরোন।
২০১০-এর দশকের শেষ দিকে তিন খানই সিনেমাপ্রতি ১০০ কোটির বেশি আয় করতেন। ২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সাফল্যের পরে শাহরুখের পারিশ্রমিক ২০০ কোটিরও গণ্ডি পেরিয়ে যায়।

তবে ২০২৪ সালে এই তারকাদের ছাড়িয়ে যান তামিল সুপারস্টার রজনীকান্ত। সত্তরের কোঠায় থাকা থালাইভা খ্যাত রজনীকান্ত সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র 'জেলার'-এর জন্য ২৫০ কোটি রুপির বেশি আয় করেন।
কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সেই শীর্ষস্থান হারান নায়ক আল্লু অর্জুনের কাছে।