Published : 08 Oct 2025, 07:30 PM
অয়ন মুখার্জি বিশাল বাজেটের সিনেমা ‘ওয়ার টু’ এর মুখ থুবড়ে পড়া নিয়ে আলোচনা কম হয়নি।
বলিউড হৃত্বিক রোশান, দক্ষিণের জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানিসহ একঝাঁক তারকা থাকার পরও সিনেমাটি আগের সিকুয়েলের মত দর্শক টানতে পারেনি।
সিনেমাটি মুক্তির পর কয়েক সপ্তাহ নীরব ছিলেন হৃত্বিক রোশন। এবার সেই নীরবতা ভেঙে অভিনেতা বললেন, শুটিং করার সময়েই এক ধরনের অস্বস্তি কাজ করছিল তার মনে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, হৃত্বিক নিজের ‘কাবির’ চরিত্রটি নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন।
লিখেছেন, “কাবির চরিত্রে অভিনয় করা ভীষণ আনন্দের অভিজ্ঞতা ছিল। খুবই স্বচ্ছন্দ ছিলাম, চরিত্রটি খুব ভালোভাবে জানতাম। এটা সহজ হবে বলেই মনে হয়েছিল। এটা এমন একটা সিনেমা, যেখানে অন্যদের মত আমিও সোজাসাপটা কাজটা করতে পারব। অভিনয় করব, দায়িত্ব পালন করব, তারপর বাসায় ফিরব।”
পরিচালকে নিয়ে হৃত্বিক আরও লিখেছেন, “সবকিছুই যেন নিখুঁত মনে হচ্ছিল। পরিচালক অয়নের তত্ত্বাবধানে কাজ করাটাও ছিল আনন্দের। অয়ন আমাকে দারুণভাবে পরিচালনা করেছে। তার সেটে থাকা অবস্থায় সবকিছুই ইতিবাচক ছিল। সবকিছু এত নিখুঁত মনে হচ্ছিল, যেন নিশ্চিত সাফল্য আসবেই। কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু নিজের কাজটা ঠিকঠাক করলেই চলবে।”
তবে সবকিছু ঠিকঠাক মনে হলেও, মনে কিছুটা সংশয় কাজ করছিল বলে জানিয়েছেন অভিনেতা।
“একটা কণ্ঠ বারবার বলছিল, ‘এটা খুব সহজ হয়ে যাচ্ছে, আমি এটা খুব ভালোভাবে জানি’। আরেকটা কণ্ঠ বলছিল, ‘এটা তো আমার প্রাপ্য। প্রতিটা সিনেমাই কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ এবং মুহূর্তের সত্যের জন্য নিরন্তর অনুসন্ধান থাকতে হবে এমনটা নয়।'”
হৃতিকের এই স্বীকারোক্তি থেকে বোঝা যায়, ‘ওয়ার ২’ সিনেমার অভিনয়ের সময় তিনি হয়ত নিজের শিল্পীসত্তার সেই চ্যালেঞ্জিং দিকটি কিছুটা হারিয়ে ফেলেছিলেন।
প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ওয়ার ২’ ছিল যশরাজ ফিল্মসের অন্যতম বড় প্রকল্প। প্রথমে সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করলেও পরে সিনেমাটি দায়িত্ব নেন অয়ন মুখার্জি। প্রযোজক আদিত্য চোপড়ার গল্পে নির্মিত সিনেমাটি গেল ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে।
২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’ সিনেমার সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে মুক্তির পর প্রত্যাশা পূরণ হয়নি। ৩৬৪ কোটি রুপি আয় করেও বিশাল বাজেট উদ্ধার করতে ব্যর্থ হয় ‘ওয়ার ২’।