Published : 18 Apr 2026, 08:50 PM
অভিনেতা ও পরিচালকা তৌকির আহমেদের ষাটতম জন্মবার্ষিকী ঘিরে আয়োজন করা হয়েছে ‘ছয় দশক পেরিয়ে তৌকির আহমেদ’ নামের এক অনুষ্ঠানের।
যেখানে স্মরণ করা হবে অভিনেতার কর্ম ও সৃজনকে। রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে।
আয়োজনে থাকছে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শিরোনামের এক বিশেষ সেমিনার। এ সেমিনারে অংশ নেবেন সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংগঠকরা।

সেমিনারে তৌকির আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার কাজ নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান। সেমিনারটি হবে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে।
বিকেল ৪টায় জাতীয় নাট্যশালায় দেখানো হবে তৌকীর আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। পাশাপাশি থাকবে মুক্ত আলোচনা। সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে তৌকির আহমেদ নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’।
দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান হবে রাত ৮টায়, যেখানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা।
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, “তৌকীর আহমেদের দীর্ঘ অভিনয় ও নির্মাণজীবনের সৃজনশীল অবদান তুলে ধরতেই এই আয়োজন। আমরা তার বন্ধুরা সবাই মিলে এ উদ্যোগ গ্রহণ করেছি। তার প্রতি এ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অন্য শিল্পীরাও অনুপ্রাণিত হবেন এমনটাই প্রত্যাশা।”
বাংলাদেশে টেলিভিশন ও মঞ্চের পরিচিত মুখ তৌকির আহমেদ। অভিনয় দিয়ে শুরু করলেও বহু দিন ধরে পরিচালনার কাজও করছেন সমানতালে।
ব্যক্তিগত জীবনে কয়েক বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।
বিদেশে স্থায়ী হলেও সময়-সুযোগ পেলেই দেশে আসেন এই অভিনেতা। চেষ্টা করেন পছন্দমত কাজের সঙ্গে যুক্ত থাকার।
সম্প্রতি তিনি বানিয়েছেন ‘ধূসর প্রজাপ্রতি’ নামের ধারাবাহিক নাটক। যেটি দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে। সর্বশেষ ২০২১ সালে তৌকীর আহমেদ পরিচালনা মুক্তি পেয়েছিল ‘স্ফুলিঙ্গ’ নামের সিনেমা।