Published : 19 May 2025, 11:14 AM
সাত বছর পর ফিরছে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতা। চলছে প্রতিযোগীদের নাম নিবন্ধনের কাজ।
অভিনয় ও ফ্যাশনে দক্ষতার পাশাপাশি এবারের প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে কনটেন্ট নির্মাণের যোগ্যতার বিষয়ও।
আবেদন করার জন্য আগ্রহী নারীদের বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত।
লাক্স তাদের ফেইসবুক পেইজে জানিয়েছে, ৬ মে শুরু হয়েছে আগ্রহীদের নিবন্ধনের কাজ। যা চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত।
'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতা থেকে উঠে আসা অনেকেই বিনোদন দুনিয়ায় পরে স্থায়ী হয়েছেন। যেমন, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ, মুমতাহিনা চৌধুরী টয়া, নাদিয়া মিম ও মিম মানতাসা।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনচিত্র, নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।
এবারের আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, জাকিয়া বারী মম, তানজিন তিশা, মুমতাহিনা টয়া ,নীলাঞ্জনা নীলা , নির্মাতা রায়হান রাফী, শিহাব শাহীনসহ আরো কয়েকজন।

শুক্রবার লাক্সের ফেসবুক পেইজে শেয়ার করা প্রচার ভিডিও শেয়ার করে মেহজাবীন চৌধুরী লিখেছেন, "২০০৯ সালে যখন আমি লাক্স সুপারস্টারে রেজিস্ট্রেশন করলাম, সত্যি বলতে আমিও তখন একটু নার্ভাস ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম, বড় বড় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সবটা নিয়েই। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে সাহস দিয়েছে এত দূর আসার। এবার যারা অংশগ্রহণ করছ, তাদের সঙ্গে আমি থাকব শুরু থেকে শেষ পর্যন্ত।"
২০০৫ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা টানা চলেছে ২০১০ সাল পর্যন্ত। এরপর অনিয়মিত হয়ে পড়ে।
এক বছর বিরতি দিয়ে ২০১২ সালে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতা ফিরলেও আবার দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের পর এই আয়োজনের বিরতি ছিল চার বছরের।
২০১৮ সালের পর এবার ২০২৫ সালে এই আয়োজন হতে চলেছে।