১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিনেমার উন্নয়নে মুখ্যমন্ত্রী বিজয়ের বড় ঘোষণা

এতদিন তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোতে নতুন সিনেমার চারটি করে শো দেখানোর অনুমতি ছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 10:39 AM

Updated : 26 Aug 2026, 03:42 PM

সিনেমার প্রচার এবং প্রসারে নতুন সিদ্ধান্ত এসেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতির কাছ থেকে।

এনডিটিভি জানিয়েছে, চলতি মাসের শুরুতে তার সঙ্গে বৈঠক করেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির হর্তাকর্তারা। তারা বিজয়কে রাজ্যের প্রত্যেক প্রেক্ষাগৃহে নতুন সিনেমার জন্য রোজ পাঁচটি শো চালু করার অনুরোধ জানিয়েছিলেন। বিজয় তাতে সম্মতি দিয়েছেন। 

এতদিন তামিলনাড়ু সিনেমার বিধিমালা অনুযায়ী, তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোতে নতুন সিনেমার চারটি করে শো দেখানোর অনুমতি ছিল। কেবলমাত্র স্থানীয় উৎসবের দিন বা সরকারি ছুটির দিনে জেলায় লাইসেন্সিং কর্তৃপক্ষ অথবা জেলা কালেক্টর এবং চেন্নাই শহরের পুলিশ কমিশনার একটি করে বিশেষ অতিরিক্ত শো দেখানোর অনুমতি দিতেন। 

ওই বিশেষ দিনগুলোয় বাড়তি একটি করে শো পেত সব সিনেমা। সেই অনুমতি মিললে উৎসবের দিনগুলোয় সিনেপ্রেমীরা দেখতে পেতেন পাঁচটি শো।

সিনেমার উন্নতির জন্য বিজয়ের নতুন নিয়ম হল এখন থেকে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে রোজ পাঁচটি করে শো দেখানো হবে। তবে এই বিশেষ বিধি কেবলমাত্র নতুন সিনেমার জন্য প্রযোজ্য হবে। নতুন সিনেমার জন্য নির্ধারিত পাঁচটি শো দেখানো হবে মুক্তির পরে প্রথম সাত দিন। 

বিজয় আরও জানিয়েছেন, সিনেমামুক্তির প্রথম সাত দিন, স্থানীয় উৎসবের দিন, সরকারি ছুটির দিন, শনি ও রোববারে পাঁচটি করে শো দেখানোর জন্য আগের মত সরকারি ছাড়পত্র বা লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে আর আলাদা অনুমতি নিতে হবে না। 

তামিলনাড়ুর থালাপতি বিজয় নিলেন মুখ্যমন্ত্রীর শপথ