Published : 08 Apr 2026, 08:30 PM
চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অস্কারের ৯৯তম আসর ও ঐতিহাসিক শততম আসরের তারিখ ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
ভ্যারাইটি লিখেছে, ৯৯তম অস্কার অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ, দিনটি হচ্ছে রোববার।
পরের বছর ২০২৮ সালের ৫ মার্চ, রোববারই বসবে ১০০তম অস্কারের আসর।
দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করা হবে নির্ধারিত দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবিসি চ্যানেলে এবং বিশ্বের ২০০টির বেশি অঞ্চলে।
আসর দুটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারে। তবে অ্যাকাডেমি জানিয়েছে, ২০২৯ সাল থেকে অস্কারের ভেন্যু পরিবর্তন হবে। তখন ডলবি থিয়েটার ছেড়ে অনুষ্ঠান সরিয়ে নেওয়া হবে পিকক থিয়েটারে, যেখানে ২০৩৯ সাল পর্যন্ত অস্কার আয়োজন করা হবে।
এছাড়া ২০২৭ সাল পর্যন্ত এবিসিই অস্কারের সম্প্রচার অংশীদার হিসেবে থাকছে। এরপর দীর্ঘদিনের এই সম্প্রচার অংশীদারত্ব শেষ হয়ে ইউটিউবে স্থানান্তরিত হবে অস্কারের সম্প্রচার।
২০২৭ সালের শুরুতেই এবিসি বেশ কয়েকটি বড় আয়োজন সম্প্রচার করবে। ওই বছরের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস, যা নতুন ১০ বছরের চুক্তির আওতায় ২০৩৬ সাল পর্যন্ত চলবে। এর মাধ্যমে সিবিএসের সঙ্গে ৫৪ বছরের অংশীদারত্বের ইতি ঘটবে।
চলতি বছরের অস্কারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
২০২৭ সালের অস্কার জেতার প্রতিযোগিতায় নামা বেশকিছু সিনেমার নাম এরমধ্যেই আলোচনায় চলে এসেছে। সিনেমাগুলো হলো ‘প্রজেক্ট হেইল মেরি’, ‘ডিউন: পার্ট থ্রি’ ও ‘ডিগার’।
তবে ২০২৭ ও ২০২৮ সালের অস্কার অনুষ্ঠানের উপস্থাপকের নাম এখনো ঘোষণা করা হয়নি।