২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘অনলাইন অফলাইন’ ২০০ পর্বে

অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যাচ্ছে এই টিভি নাটকের গল্প।

‘অনলাইন অফলাইন’ ২০০ পর্বে

‘অনলাইন অফলাইন’ নাটকের দৃশ্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:49 PM

Updated : 05 Sep 2022, 09:49 PM

অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে চলা ধারাবাহিক নাটক ‌‘অনলাইন অফলাইন’ ২০০তম পর্বে পদার্পণ করতে যাচ্ছে।

সপ্তাহের রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি।

মঙ্গলবার নাটকটির ২০০তম পর্ব প্রচার হবে বলে মাছরাঙা টিভি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‌‌‌‌‌অনলাইন অফলাইন নাটকে অভিনয় করছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।

নাটকটির গল্পের কেন্দ্রে একটা অফিস। এই অফিস যে কিসের অফিস সেটা আসলে এই অফিসের লোকজনও ভালো করে জানে না। বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয় যে সামনে কী ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কিসের অফিস বানানো যায়।

অফিসের মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু। শাহেদ, রন্টু ও ইমন। শাহেদ এই অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না। রন্টু ও ইমন অফিসের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে থাকে। সাথে থাকে রন্টুর ভাগনে রিশাদ।

Image

‘অনলাইন অফলাইন’ নাটকের দৃশ্য।

আরেকটি চরিত্র সোলেমান মিয়া। ৪২ বছর বয়সে ২৫ বছরের রুমাকে বিয়ে করার পর থেকে সে খুব টেনশনে থাকে, এই বুঝি কেউ তার সুন্দরী বউয়ের সঙ্গে প্রেম শুরু করল। সোলেমানের বউ রুমাকে মনে মনে পছন্দ করে রিশাদ। যদিও কখনও বলে না।

এদিকে রন্টু খুবই চালাক এবং চতুর। সবাই তাকে একরকম অপছন্দ করে, আবার পছন্দ না করেও যেন পারে না। সে অনেক ভালোবাসে কনাকে। কনাও হয়ত তাকে কিছুটা ভালোবাসে কিন্তু কখনোই সে ধরা দেয় না।

এমন বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যাচ্ছে এই টিভি নাটকের গল্প।